ইতালীয় শিল্পী তারশিতো'র একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে তারশিতো একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা
জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে তারশিতো একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালিয়ান অধ্যাপক নিকোলা স্ট্রিপলি একজন স্থপতি এবং শিল্পী। তিনি তারশিতো নামেই সমধিক পরিচিত। ইতালীয় এই শিল্পীর সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় করানোর জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। আজ শনিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইতালীয় দূতাবাসের রাষ্ট্রদূত মারিও পালমা।

নিজের শিল্পকর্ম নিয়ে কথা বলছে তারশিতো
নিজের শিল্পকর্ম নিয়ে কথা বলছে তারশিতো

উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এই প্রদর্শনী বাংলাদেশের মানুষের কাছে একজন ইতালীয় শিল্পীকে গভীরভাবে জানার সুযোগ করে দেবে বলে মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের শিল্পবোধকে উপলব্ধি করে তারশিতো যে নতুন ধারার শিল্প তৈরি করেছেন সেটি তারশিতোকে অন্যদের থেকে আলাদা করেছে। এ কাজ দেখে সবাই মুগ্ধ হবে বলে আমার বিশ্বাস।’

বক্তৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বক্তৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত ভাষণে বলেন, এই প্রদর্শনী তারশিতোর সৃষ্টিশীল ব্যক্তিত্বকে তুলে ধরবে।
ভাষার বাধা উপেক্ষা করে তারশিতো বাংলাদেশী কারুশিল্পীদের এমব্রয়ডেরিসহ লোকজ শিল্পকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে ইউরোপ এবং এশিয়ার শিল্পবোধকে একীভূত করেছেন। শৈল্পিক উৎকর্ষের পাশাপাশি তিনি সাধারণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সৃষ্টিশীলতার পথকে বেগবান করেছেন। ক্ষুদ্র চিত্র, নকশি, ঢেউখেলানো মাদুর ও গালিচা, মাটির প্রতিকৃতি প্রভৃতি তৈরিতে যোগ করেছেন নতুন মাত্রা।

অতিথিদের নিজের শিল্পকর্মর ব্যাখ্যা দিচ্ছেন তারশিতো
অতিথিদের নিজের শিল্পকর্মর ব্যাখ্যা দিচ্ছেন তারশিতো