একসময় অনেকেই তাঁকে ‘ইংলিশ রবার্ট ডি নিরো’ নামে ডাকত। তবে ব্রিটিশ এই অভিনেতা শুধু রবার্ট ডি নিরোকে ছাড়িয়ে যাননি, অঙ্কের হিসাবে হারিয়ে দিয়েছেন ডাস্টিন হফম্যান, মারলোন ব্রান্ডো কিংবা জ্যাক নিকলসনের মতো ইতিহাসের সব বাঘা বাঘা তারকাদের। তিনবার সেরা অভিনেতার অস্কার ঘরে তোলার পর তাঁকে নিয়ে চলচ্চিত্রবিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন, তবে কি ড্যানিয়াল ডে লুইস বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা? অস্কারের রেকর্ড তো তা-ই বলছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান-এর এক জরিপে তাঁর পক্ষে ৮০ শতাংশ ভোটও সেই কথাই বলে। সর্বকালের সেরা অভিনেতার আসন নিয়ে তাঁর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক থাকলেও, তিনিই যে এই সময়ের সেরা অভিনেতা, তা বলতে কারও দ্বিধা নেই।স্টিভেন স্পিলবার্গের লিংকন ছবিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এবারের অস্কারের সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নেন ড্যানিয়াল ডে লুইস। নিজের অভিনয়-দ্যুতি ছড়িয়ে অস্কারের ইতিহাসে শুধু সেরা অভিনেতা শাখায় তিনবার পুরস্কার পাওয়ার রেকর্ড এখন তাঁরই দখলে। অথচ লিংকন ছবিতে অভিনয়ের জন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গ প্রস্তাব দেওয়ার পাঁচ বছর পর তিনি ছবিটিতে কাজ করতে রাজি হন। এর আগে মাই লেফট ফুট (১৯৯০ সালে) ও দেয়ার উইল বি ব্লাড (২০০৮ সালে) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। এ ছাড়া আরও দুবার তিনি সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তৃতীয়বার অস্কার জয়ের পর পুরস্কার হাতে তিনি বলেন, ‘কীভাবে এসব ঘটল, সত্যিই আমি জানি না। আমি নিজেই এটা বিশ্বাস করতে পারছি না। আমার জীবনে যতটুকু সৌভাগ্য লেখা ছিল, তার চেয়ে অনেক বেশি ঈশ্বর আমাকে দিয়েছেন।’ডে লুইসের জন্ম ১৯৫৭ সালে যুক্তরাজ্যে। বাবা সিসিল ডে লুইস ছিলেন একজন আইরিশ কবি আর মা জিল ব্যালকন ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী। ১৪ বছর বয়সে সানডে ব্লাডি সানডে ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ডে লুইসের অভিষেক হয়। ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। অভিষেকের ১১ বছর পর ১৯৮২ সালের সাড়াজাগানো ছবি গান্ধীতে অভিনয়ের মাধ্যমে তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৮৯ সালে মাই লেফট ফুট ছবির ক্রিসটি ব্রাউন চরিত্রটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে প্রথম অস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসহ অসংখ্য পুরস্কার এনে দেয়। অস্কার জয়ের তিন বছর পর ১৯৯২ সালে মুক্তি পায় তাঁর অভিনীত দ্য লাস্ট অব দ্য মোহিকানস ছবিটি। এরপর ১৯৯৩ সালে মার্টিন স্করসেস পরিচালিত ছবি দি এজ অব ইনোসেন্স-এ অভিনয় করেন তিনি। পাঁচ বছর অনুপস্থিতির পর ২০০০ সালে তাঁকে দেখা যায় একাধিক অ্যাকাডেমি পুরস্কার মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র গ্যাঙ্গস অব নিউ ইয়র্ক-এ। ২০০৭ সালে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ছবি দেয়ার উইল বি ব্লাড ছবিটিতে অভিনয়ের জন্য ডে লুইস বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিক্স চয়েজ, গোল্ডেন গ্লোবসহ দ্বিতীয়বারের মতো অস্কার পুরস্কার লাভ করেন।ডে লুইস ১৫ বছরে অভিনয় করেছেন মাত্র ছয়টি ছবিতে। তাই হলিউড জগতে তাঁর পরিচয় অত্যন্ত বাছবিচার করে চলা একজন অভিনেতা হিসেবে, তিনি একজন মেথড অ্যাক্টর। প্রায়ই দেখা যায়, কোনো একটি ছবিতে কাজ করার সময় পুরো সময়টাই তিনি তাঁর চরিত্রের মতো জীবন যাপন করতে শুরু করে দেন। পছন্দ করেন ব্যতিক্রমী আর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। ইতিহাস গড়া ডে লুইস তাই আপাতত নতুন কোনো ছবিতে অভিনয় করবেন না বলেই জানান। লিংকন ছবিতে যে ধরনের অভিনয় নৈপুণ্য তিনি দেখিয়েছেন, ভবিষ্যতে তা ছাপিয়ে যেতে না পারার শঙ্কা থেকেই তাঁর এ সিদ্ধান্ত। তিনি বলেন, ‘লিংকন চরিত্রটি করার পর আমি ভেবেই পাচ্ছি না, এর পর কী ধরনের চরিত্রে আমার অভিনয় করা উচিত। সত্যি বলতে কি, ভবিষ্যতে কী ধরনের ছবির কাজ হাতে নেব, তা নিয়ে চিন্তাভাবনার পেছনে সময় ব্যয় করতে মোটেও ইচ্ছা হচ্ছে না।’তাই চলচ্চিত্রপ্রেমীরা আবার ঠিক কবে কোন ছবির কোন বিশেষ চরিত্রে ডে লুইসকে দেখতে পাবেন, তা সত্যিই বলা ভার। সাজিদুল হক