ইতিহাস গড়ল তির্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় গিয়েছিলাম নাটক নিয়ে। নাটকের কাজ ২৬ তারিখে শেষ হলো। তারপর ভাবলাম, থাকি না কিছুদিন কলকাতায়। নাটক দেখি, গান শুনি, বন্ধুবান্ধবের সঙ্গে সাক্ষাৎ করি। কিন্তু মনের মধ্যে একটা কাঁটা বিঁধে আছে। চট্টগ্রামে তির্যকের বিসর্জন-এর দ্বিশততম অনুষ্ঠানে যোগ দিতে হবে। অতঃপর বিভাস চক্রবর্তীর অসাধারণ হ্যামলেটটা দেখেই চলে আসতে হলো দেশে। ঢাকায় রাত পার করে সকালেই চট্টগ্রাম যাত্রা। বিমানবন্দর থেকে সরাসরি থিয়েটার কমপ্লেক্সে গিয়ে দেখি, সারা দেশের নাট্যকর্মীরা সেখানে। বগুড়ার ময়না, সিলেটের শান্তনু, ঢাকার জহির, জাহিদ, সুদীপ, মোস্তফা হীরা, অলোক বসু, দেবাশীষ, ময়মনসিংহের দিলু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে রশীদ হারুণ, কলকাতা থেকে এসেছেন নৃপেন্দ্র সাহা এবং চট্টগ্রামের বিভিন্ন দলের কর্মীরা সেখানে। উদ্বোধনী অনুষ্ঠানে গান হলো, নৃত্য হলো এবং উদ্বোধন করলেন একসময়ের তির্যকের নাট্যকর্মী পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এরপর মুক্ত আলোচনা, বিষয় ‘বাংলাদেশের নাটকের গতি-প্রকৃতি’। আলোচনার সূত্রটি ধরিয়ে দিলাম আমিই। তারপর সবার অংশগ্রহণে উত্তপ্ত হয়ে উঠল মুক্ত আলোচনা। ঠিক সাড়ে ছয়টায় নাটক। কিন্তু আলোচনার বাঁধভাঙা জোয়ার ঠেকাতে একটু সময় লেগে গেল। একটু বিলম্বেই নাটক শুরু হলো। পরদিন আবার দুপুর ১২টা থেকে টানা সারা দিন অনুষ্ঠান। এদিন আবার ভোরবেলায় ঢাকা থেকে ছুটে এলেন লিয়াকত আলী লাকী। বেলা তিনটা থেকে মতবিনিময় এবং রবীন্দ্রনাথের নাটকের ওপর দর্শকসহ আলোচনা। আবারও যথাসময়ে বিসর্জন-এর পালা। বাংলাদেশের নব নাট্যচর্চা ঢাকা ও চট্টগ্রামে একই সঙ্গে শুরু হয়।কিছু কিছু ক্ষেত্রে সেই পাকিস্তান আমলেও চট্টগ্রাম অগ্রণী হয়েছিল, যেমন—আধুনিক মুদ্রণশিল্পে। মনে পড়ে, তিনজন কবির তিনটি বই প্রকাশিত হয়েছিল সে সময়, যা দেখে রীতিমতো আমরা চমকে উঠেছিলাম। ঢাকার মহিলা সমিতির মতো চট্টগ্রামের শিল্পকলা একাডেমী মঞ্চে দেশ-বিদেশের নানা নাটকের মঞ্চায়ন, নিরীক্ষাধর্মী নাটক প্রযোজনা—এগুলো আমাদের দৃষ্টি কেড়ে নিত। পথনাটকের ঐতিহ্যও গড়ে উঠেছিল।এবার বিশেষ করে, আমাদের নজর কেড়ে নেয় তির্যকের নিরবচ্ছিন্ন রবীন্দ্রনাটকের চর্চা। এ দল রবীন্দ্রনাথের পাঁচটি নাটক প্রযোজনা করেছে। সেই সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে দুটি নাটক নির্মাণ করেছে। প্রতিটি নাটকের আবার প্রদর্শনীসংখ্যাও অনেক। রথযাত্রা ১৬৮টি, ডাকঘর ৬৫, বিসর্জন ২০১, রক্তকবরী ৯৭ ও রাজা পাঁচটি।গত ৩০ ডিসেম্বর ২০০টি প্রদর্শনী এবং ৩১ ডিসেম্বর ২০১টি প্রদর্শনী করে ইতিহাস সৃষ্টি করল চট্টগ্রামের তির্যক নাট্যদল। উপমহাদেশে কোথাও কি রবীন্দ্রনাথের নাটকের এতগুলো প্রদর্শনী হয়েছে? ২০১টি প্রদর্শনী করতে এ দলটির লেগেছে ১৫ বছর। এর মধ্যে দুবার বিরতি নিতে হয়েছে। রবীন্দ্রনাথের নাটকের প্রযোজনা দুরূহ। সংলাপ বহুমাত্রিক। নাট্যমুহূর্ত নির্মাণের প্রক্রিয়াও জটিল। এর পেছনে নির্দেশক, অভিনেতা ও ডিজাইনারদের প্রতিনিয়ত লেগে থাকতে হয়। লেগে থাকার বড় কারণ হচ্ছে, চরিত্রের আত্মাটাকে আবিষ্কার করা। একবার কলকাতার বিভাশ চক্রবর্তী বিসর্জন-এর ইংরেজি অনুবাদ স্যাক্রিফাইসকে বাংলায় আবার অনুবাদ করে বিসর্জন নামিয়েছিলেন। বিষয়টা উদ্ভটই লেগেছিল। যদিও বেশি প্রদর্শনী হয়নি। কিন্তু ইংরেজির সঙ্গে বাংলাকে মেলালে দেখা যায়, ইংরেজি অনুবাদটিও অনেক সহজ মনে হয়। বিসর্জনকে অভিনয়োপযোগী করার জন্য ইংরেজি অনুবাদের আশ্রয় নিয়েছিলেন বিভাস। অর্থাৎ নানাভাবে উল্টেপাল্টে দেখার চেষ্টা। রবীন্দ্রনাথও নিজে অনুবাদ করে ভিন্ন ভাষায় তাঁর সংলাপ পরীক্ষা করেছেন। নিজে তিনি রঘুপতির অভিনয় করতেন, পরে অবশ্য জয়সিংহের অভিনয়ও করেছেন। এটাও তাঁর আত্মপরীক্ষা।তির্যকের বিসর্জন-এ রবীন্দ্রনাথের প্রযোজনা রীতিই অনুসরণ করা হয়েছে। অতিসাধারণ মঞ্চসামগ্রী, আলোর বিন্যাসেও কোনো চাতুরী নেই। তার মানে মূল জোরটা অভিনয়ে। আরেকটি নিরীক্ষা ভালো লেগেছে, সেটা হলো জনগণের অংশগুলো কোরাস দিয়ে ঘুঁটিয়ে তোলা। সেই কোরাসের ওপর আলোর কম্পন আবশ্যকই মনে হয়েছে।আধুনিক অভিনয়ে অভিনেতার শরীর, সৌন্দর্য, কণ্ঠস্বর কেউ খোঁজে না, চরিত্রটির আত্মাই এখানে প্রধান। উচ্চারণের সমস্যা আমাদের পুরো পূর্ববঙ্গেই আছে। তেমন ধরনের গুরুতর সমস্যা হলে তা ক্ষমার যোগ্য নয়, তবে চমৎকার উচ্চারণ কিন্তু অভিনয়টা হলো না, এমনও অনেক দেখা যায়। রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করতে গিয়ে শুধু আবৃত্তি করে গেছে, এমনও দেখা গেছে। এমন কথা বলব না যে তির্যকের অভিনেতা-অভিনেত্রীরা শান্তিপুরী বাংলা বলেছে কিন্তু চরিত্রটিতে পুরো আন্তরিকতা ঢেলে দিয়েছে। সেখান থেকে চোখ ফেরানো দায়। ধর্মান্ধ রঘুপতি যখন জয়সিংহের আত্মহননের পর মানবতার দ্বারে মাথা কুটছে, তখন অপর্ণার আগমন হয়। অপর্ণার কণ্ঠে ‘পিতা’ উচ্চারণ এবং রঘুপতির প্রতিক্রিয়ায় যে নাট্যমুহূর্ত সৃষ্টি হয়, তাতে শরীরে কাঁটা দিয়ে ওঠে। তির্যকের বিসর্জন আমি তিনবার দেখেছি, আমার চেয়ে বেশি দেখেছেন ড. অনুপম সেন। নাটক দেখার পর আমরা একমত হয়েছি যে প্রতিবারই এই বিসর্জনটা নতুন লাগে। অর্থাৎ নির্দেশক আহমেদ ইকবাল হায়দার তাঁর অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে লেগেই আছেন।চট্টগ্রামে বিসর্জনকে নিয়ে যে ইতিহাস সৃষ্টি হলো, আশা করি ভবিষ্যতে তির্যক ও চট্টগ্রামের নাট্যদল নতুন কোনো ইতিহাস সৃষ্টি করবে, যার মধ্য দিয়ে সারা দেশেরই নাট্যকর্মীরা গৌরব বোধ করবেন।