
যুক্তিকে ভাসিয়ে নিয়ে যায় আবেগ। অন্তত সংগীতশিল্পী অ্যাডেলের জনপ্রিয়তার জোয়ার তারই প্রমাণ। রেকর্ড গড়ার বিষয়টি অবশ্য সংগীতশিল্পী হিসেবে অ্যাডেলের জন্য নতুন কোনো আহামরি বিষয়ও নয়। জেমস বন্ড ছবি স্কাইফল-এর গান গেয়ে অস্কারজয়ী এই সংগীতশিল্পী এর আগে যুক্তরাষ্ট্রেও তাঁর একক অ্যালবাম বিক্রির রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড গড়েছেন। আর এবার যুক্তরাজ্যের সংগীত ইতিহাসে নাম লেখালেন অনন্য এক রেকর্ডের অধিকারী শিল্পী হিসেবে। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যই শুধু নয়, সম্প্রতি টপচার্টের হিসাবে অস্ট্রেলিয়াতেও শীর্ষ ছুঁয়েছেন অ্যাডেল।
যুক্তরাজ্যেরই সংগীতশিল্পী অ্যাডেল। যুক্তরাজ্যের সংগীত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছে তাঁর সর্বশেষ সংগীত অ্যালবাম টুয়েন্টি ফাইভ-এর বিক্রির বিষয়টি। অ্যাডেলের টুয়েন্টি ফাইভ অ্যালবামটি যুক্তরাজ্যে মুক্তির পর শুধু প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে আট লাখেরও বেশি কপি। যুক্তরাজ্যে এর আগে আর কোনো অ্যালবামই এক সপ্তাহে এত কপি বিক্রি হয়নি। সর্বশেষ সাত লাখ কপি অ্যালবাম বিক্রির রেকর্ডটি ছিল রক ঘরানার গানের দল ‘ওয়েসিস’-এর। ওয়েসিস ব্যান্ডের ‘বি হেয়ার রাইট নাউ’ অ্যালবামটি বিক্রি হয়েছিল সব মিলিয়ে সাত লাখ কপি।
অ্যাডেলের অ্যালবাম টুয়েন্টি ফাইভ-এর শীর্ষ ছোঁয়ার বিষয়টি সম্পর্কে অফিশিয়াল চার্ট কোম্পানির প্রধান নির্বাহী মার্টিন ট্যালবট বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, অ্যাডেলের টুয়েন্টি ফাইভ অ্যালবামটির জনপ্রিয়তা বিস্ময়কর। এর আগে যুক্তরাজ্যে কোনো দিনই মুক্তি পাওয়ার এক সপ্তাহের ভেতরেই আট লাখ কপি বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
অ্যাডেলের টুয়েন্টি ফাইভ শিরোনামের একক অ্যালবামটি শুধু আট লাখ কপি বিক্রির রেকর্ডই করেনি। এর আগে টপচার্টে ওঠা ১৯টি অ্যালবামের মোট বিক্রিকেও ডিঙিয়ে গেছে অ্যাডেলের এই একটি অ্যালবামের বিক্রি। এ ছাড়া অ্যালবাম মুক্তির প্রথম দিনই অ্যাডেলের অ্যালবামটি কিনেছে যুক্তরাজ্যের তিন লাখ মানুষ।
অনলাইনে ডাউনলোডের ক্ষেত্রেও রেকর্ড করেছে অ্যাডেলের অ্যালবামটি। অনলাইনে এই সংগীতশিল্পীর অ্যালবাম এক সপ্তাহে দুই লাখেরও বেশি ডাউনলোড করা হয়েছে। অনলাইনে বিক্রির সঠিক সংখ্যাটি হচ্ছে ২ লাখ ৫২ হাজার ৪২৩। আর সব মিলিয়ে এক সপ্তাহে অ্যাডেলের অ্যালবাম বিক্রির সংখ্যা হচ্ছে ৮ লাখ ৩০৭। মাত্র এক সপ্তাহেই যদি কোনো অ্যালবাম আট লাখেরও বেশি কপি বিক্রি হয়, তাহলে সামনের দিনগুলোতে যে এই অ্যালবামের রেকর্ড সবকিছুকেই ছাপিয়ে যাবে, তা নিশ্চিত। এমন মন্তব্য চার্ট কোম্পানির ঝানু নির্বাহী প্রধান ট্যালবটের।
বিলবোর্ড, বিবিসি অবলম্বনে