ইতিহাসের জ্যোতির্বলয়কে নিবেদিত কবিতা

ইতিহাসে অম্লান সূর্যের জ্যোতির্বলয়ের মতো অমরত্ব পেয়েছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। তাঁকে নিয়ে যুগে যুগে লেখা হয়েছে অনেক কবিতা। আবার এমন অনেক কবিতাও আছে, যেগুলো পড়লে মনে হবে এই মহান ব্যক্তিত্বের জন্যই সেসব লেখা যেতে পারে। এমন কিছু কবিতা দিয়ে সাজানো হয়েছিল মঙ্গলবার সন্ধ্যার আবৃত্তি আয়োজন ‘ইতিহাসের জ্যোতির্বলয়’।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘ইতিহাসের জ্যোতির্বলয়’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের এ আয়োজনটি করেছিল আবৃত্তি সংগঠন ‘স্বরচিত্র’। তাতে কবিতার পঙ্ক্তি দিয়ে জাতির জনকের আদর্শ-চেতনা বাস্তবায়নে অন্যায়-অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছেন বাচিকশিল্পীরা।
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এ আয়োজনের শুরুতেই শিল্পীরা আবৃত্তি করে শোনান মীর মোশাররফ হোসেনের ‘বলছে তারা’। এরপর একক কণ্ঠে আবৃত্তি করেন সম্মিরুন ইসলাম, আবদুর রহমান নূর, তাসমী চৌধুরী, তামান্না ডেইজি, আবুল হাসনাত, শিপ্রা রহমান প্রমুখ। তাঁরা আবৃত্তি করেন আবদুস সাত্তারের ‘একটি অমিয় নাম’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’, আসাদ চৌধুরীর ‘আমাকে দিয়েছিলে অসীম আকাশ’, শামসুর রাহমানের ‘ইতিহাসের জ্যোতির্বলয়’, নির্মলেন্দু গুণের ‘আগস্ট শোকের মাস, কাঁদো’ ও ‘আমি আজ কারও রক্ত চাইতে আসিনি’। অতিথি আবৃত্তিকার হিসেবে ছিলেন মাসুম আজিজুল বাশার, তামান্না সারোয়ার, সোহেল আনোয়ার প্রমুখ।
স্বরচিত্রের সভাপতি মাহিদুল ইসলাম জানান, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মহানুভবতা, দেশপ্রেম ও আদর্শ পৌঁছে দিতেই এই আয়োজন। তিনি বলেন, ‘বাঙালির মুক্তির পথপ্রদর্শক ও শ্রেষ্ঠ এই বাঙালির রক্তস্রোত আজও ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে প্রবাহিত। তাঁর আদর্শ-চেতনা সব সময় আমাদেরকে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। সেই চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে করেছে চিরজাগরূক।’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনাও দিয়েছেন মাহিদুল ইসলাম।