ইত্যাদিতে চঞ্চল-তারিনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইত্যাদি অনুষ্ঠানের গানের চিত্রায়ণে চঞ্চল ওতারিন
ইত্যাদি অনুষ্ঠানের গানের চিত্রায়ণে চঞ্চল ওতারিন

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গাইলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তারিন। রাজকন্যার সঙ্গে উদাসীন কবির প্রেম নিয়ে নির্মিত গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান আর সুর করেছেন আলী আকবর রুপু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির চিত্রায়ণেও অংশ নিয়েছেন চঞ্চল ও তারিন।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে চঞ্চল জানিয়েছেন, ‘এই নিয়ে দ্বিতীয়বারের মতো “ইত্যাদি” অনুষ্ঠানে অংশ নিলাম। এবারের পর্বে তারিন ও আমি একটি মৌলিক গান করেছি। দারুণ অভিজ্ঞতা। সংকেতদার (হানিফ সংকেত) পারফেকশন ও ধৈর্য খুবই আশ্চর্যের বিষয়। আর ইত্যাদির বিষয়বস্তু ও দর্শন তো অতুলনীয়!’
তারিন ও চঞ্চল চৌধুরীর গানটির চিত্রায়ণ করা হয়েছে মির্জাপুরের মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে।
চঞ্চল ও তারিন ছাড়া এবারের ‘ইত্যাদি’তে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এ ছাড়া রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। সাম্প্রতিককালে পরিচিতি পাওয়া কিছু শব্দের ওপর প্রচারণা, প্রচারের নতুন কৌশল, নাটক নির্মাণের বাজেট, প্রার্থীর প্রতিশ্রুতি, চায়ের দোকানের সতর্কবাণী, রিয়েলিটি শোর নতুন আইডিয়া, জনতার সাইনবোর্ডসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।
এবারের ইত্যাদির উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, কে এস ফিরোজ, আবদুল কাদের, আফজাল শরীফ, শুভাশীষ ভৌমিক, সোলায়মান খোকা, আবদুল আজিজ, শবনম পারভীনসহ আরও অনেকে।
‘ইত্যাদি’র এবারের পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৯ নভেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।