ইত্যাদিতে ফাহমিদা-সামিনার আঞ্চলিক গান
সম্প্রতি ময়মনসিংহের আঞ্চলিক গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ‘ইত্যাদি’র জন্য নির্মিত এই গানটির রেকর্ডিং সম্প্রতি ঢাকার প্রমিক্স স্টুডিওতে শেষ হয়েছে। গত রোববার ২০ মে সন্ধ্যায় ময়মনসিংহে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ইত্যাদির জন্য গানটির শুটিংয়েও অংশ নিয়েছেন এই দুই কণ্ঠশিল্পী। ‘আনন্দ হইলো গো বালির, বিনন্দিত মন/বালির ঘরে উদয় হইছে, পূর্ণি মায়া চান’—শিরোনামের ময়মনসিংহের আঞ্চলিক গানটিতে কণ্ঠ দিতে পেরে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী দুজনেই বেশ আনন্দিত।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ফাহমিদা নবী বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। ময়মনসিংহ অঞ্চলে গানটি সবাই যেভাবে শুনে অভ্যস্ত, আমরা গানের মধ্যে সেই আবহটাই ধরে রাখার চেষ্টা করেছি। কোনো ধরনের বাড়তি কাজ করার চেষ্টা করিনি।’ইত্যাদির গানটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘ইত্যাদি যে এতটা জনপ্রিয় সেটা আসলে শুটিংয়ে না গেলে বোঝা সম্ভব নয়। তা ছাড়া দেশের বিভিন্ন জেলায় শুটিং করার মধ্য দিয়ে হানিফ ভাই (হানিফ সংকেত) যে কাজটি করে যাচ্ছেন তার জন্য বিশেষভাবে তাঁকে ধন্যবাদ দিতে হয়। আসলেই আমাদের সংস্কৃতিটা যে কতটা সমৃদ্ধ সেটা দেশ না ঘুরলে কখনো বোঝা সম্ভব না।’ইত্যাদির গানটি ছাড়া ফাহমিদা নবী বর্তমানে তাঁর নতুন একক অ্যালবামের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।