
রেডিওতে সারাক্ষণ যাঁর গান বাজে, তাঁর অনুভূতি কেমন হয়? ইন্টারনেটের এই কালে একজন শিল্পীর জনপ্রিয়তা বোঝা যায় অনলাইন স্ট্রিমিংয়ের ওপর। কতবার দেখা হলো তাঁর ভিডিও, কতবার শোনা হলো তাঁর গান—তার ওপর। এই পরীক্ষায় কানাডার শিল্পী দ্য উইকেন্ড উতরে গেছেন। অডিও স্ট্রিমিং ও রেডিও দখল করে নিয়েছে তাঁর গান। অর্থাৎ ইথার এখন তাঁর দখলে। এ সপ্তাহের শুরুতেই এর স্বীকৃতিও পেয়েছেন তিনি।
ফ্রি ডাউনলোড করে শোনার জন্য ২০১১ সালে ইন্টারনেটে একটি গান আপলোড করেন উইকেন্ড। ‘হাউস অব বেলুনস’ নামের ওই গান, সঙ্গে আরও দুটি মিশ্র অ্যালবাম তাঁকে ওপরে টেনে তোলে। পরে সেই গানগুলো নিয়ে ২০১২ সালে প্রকাশিত হয় তাঁর ‘ট্রিলজি’। ওই বছর তরুণদের সর্বাধিক বিক্রীত অ্যালবামের অন্যতম ছিল ‘ট্রিলজি’।
ক্রমেই পরিচিত হয়ে উঠতে শুরু করেন উইকেন্ড। পরিচিতি পাওয়ামাত্রই গা ঢাকা দেন তিনি। গণমাধ্যমকে এড়িয়ে চলতে শুরু করেন। এমনকি ২০১৩ সালের কিস ল্যান্ড অ্যালবামে নিজের ছবিটা পর্যন্ত দেননি; বরং ব্যবহার করেছিলেন এক নারীর ছবি। তা নিয়ে কতই না রহস্য ছড়াল। আরও রহস্যময় তাঁর চুলের ফ্যাশন। বিশ্বের যেকোনো প্রান্তের সংগীতপ্রেমীরা তাঁকে চিনে ফেলেন বৃক্ষের মতো জট পাকানো চুলের কারণে।
অন্য শিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করেন উইকেন্ড। এরই মধ্যে কাজ করেছেন উইজ খলিফা ও রিক রসের সঙ্গে। ২০১৫ সালে প্রকাশিত হয় তাঁর নিজের অ্যালবাম বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস। এই অ্যালবামের ‘কান্ট ফিল মাই ফেস’ ও ‘দ্য হিলস্’ গান দুটি তাঁকে নতুন করে আবার আলোচনায় আনে। এই দুটি তো বটেই, তাঁর গানের অসাধারণ সব ভিডিও বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। চলতি বছর ‘আর্নড ইট’ গানে পারফরম্যান্সের জন্য দারুণ সমাদৃত হন তিনি। জিতে নেন এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডে আরঅ্যান্ডবি সেরা পারফরম্যান্সের পুরস্কার।
উইকেন্ড ঘর ছেড়েছিলেন শৈশবে। হাইস্কুল থেকে ঝরে পড়ার পর পূর্ণোদমে গান শুরু করেন। ভ্যানিটি ফেয়ারকে একবার বলেছিলেন, মাইকেল জ্যাকসনের ‘ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ গানটা শোনার পর মনে হয়েছে—গানটাই তাঁর ভালো করে করতে হবে। বাবা ইথিওপিয়ান হওয়ায় ওই অঞ্চলের গানের প্রতি আগ্রহ ছিল বটে। কিন্তু মাইকেল জ্যাকসন শোনার পর নিজের সংগীত ঘরানা খুঁজে নিতে সুবিধা হয় তাঁর। ২৬ বছর বয়সের উইকেন্ড এখন আরঅ্যান্ডবি ঘরানার সেরা শিল্পীদের অন্যতম।
বিশ্বসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। এ বছর এই অ্যাওয়ার্ডে আটটি বিভাগে পুরস্কার জিতেছেন দ্য উইকেন্ড। সেরা শিল্পীর পুরস্কারটি যদিও নিয়ে গেছেন ব্রিটিশ শিল্পী অ্যাডেল। কিন্তু উইকেন্ড পেয়েছেন বিলবোর্ডের ‘টপ ১০০’ শিল্পীর পুরস্কার, সর্বাধিক বিক্রীত অ্যালবাম বিভাগের পুরস্কার, আরঅ্যান্ডবি বিভাগের সেরা অ্যালবামের পুরস্কার, একই বিভাগের সেরা গানের জন্য, রেডিওর সেরা শিল্পীর, অনলাইনে সর্বাধিত শ্রুত শিল্পী ও আরঅ্যান্ডবি ঘরানার সেরা শিল্পীর পুরস্কার জিতেছেন। এ ছাড়া অনলাইনে শোনা সেরা গান বিভাগের পুরস্কারটিও জিতেছেন তিনি।
বিলবোর্ড, বায়োগ্রাফি, উইকি, ইঅনলাইন অবলম্বনে