ইথিওপিয়ার পাশে মেরুন ফাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরুন ফাইভ ব্যান্ডের সদস্যরা
মেরুন ফাইভ ব্যান্ডের সদস্যরা

বিশ্বের ৭৫ কোটি মানুষের কাছে আজ পরিষ্কার পানি মানে কোনো অলীক বস্তু। পানিবাহিত নানা রোগে ভুগছে তারা। অনেককে আবার পরিষ্কার পানির অভাবে মৃত্যুর মতো ভয়াবহ পরিণতির শিকার হতে হচ্ছে। এবার এই বিপন্ন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পপ রক গানের দল মেরুন ফাইভ। ৫ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে এই ব্যান্ডটি লিখেছে, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি, বিশ্বের ৭৫ কোটি মানুষ আজ পরিষ্কার পানি পাওয়ার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই চিত্রটা পাল্টে দিতে চাই।’ 
ওয়েবসাইটে তারা সবাইকে আহ্বান জানিয়ে লিখেছে, ‘হেল্প আস গিভ ক্লিন ওয়াটার টু দ্য পিপল অব ইথিওপিয়া দিস হলিডেজ’।
মেরুন ফাইভের মতে, ‘আমরা এবারের ছুটির দিনগুলোর জন্য অন্য রকম এক পরিকল্পনা করেছি। আমরা ইথিওপিয়ার মানুষদের জীবন বদলে দিতে চাই। তাদেরকে উপহার দিতে চাই পরিষ্কার পানি। আপনি এই মানুষদের জন্য ৩০ ডলার অনুদান দিতে পারেন। আপনার এই অনুদান শুধু ওই এলাকার একজন মানুষের পরিষ্কার পানি পাওয়ার নিশ্চয়তাই দেবে না, পাশাপাশি আপনি জিতে নিতে পারেন মেরুন ফাইভ ব্যান্ডের সদস্যদের স্বাক্ষর করা গিটার। আমাদের সঙ্গে যোগ দিন। আসুন আমরা বদলে দিই, http://trib.al/VnMLZfX।’
মেরুন ফাইভ জিতেছে গ্র্যামি, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস, টিন চয়েস অ্যাওয়ার্ডস আর ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস।
এরই মধ্যে মেরুন ফাইভের আহ্বান বেশ সাড়া ফেলেছে। প্রাথমিকভাবে ইথিওপিয়ার তিন শতাধিক মানুষের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৪ জনকে পরিষ্কার পানির সুবিধা দেওয়ার জন্য পাওয়া গেছে তিন হাজার ৬৬৮ ডলার। এই তহবিল গঠনের জন্য ৪৫ দিন নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পপ রক গানের দলটির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। এ বছরের ২৯ আগস্ট এসেছে তাদের পঞ্চম অ্যালবাম। নাম ফাইভ। শুধু প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে অ্যালবামটির এক লাখ ৬৪ হাজার কপি। ‘ইউএস বিলবোর্ড ২০০’ চার্টের শীর্ষে ছিল এটি। অ্যালবামের ‘অ্যানিমেলস’ গানটি বিলবোর্ডের ‘দ্য হট হান্ড্রেড’ চার্টের তৃতীয় স্থানে আছে। গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে ইউটিউবে পাঁচ কোটিবার দেখা হয়েছে।
মেরুন ফাইভের অন্য অ্যালবামগুলো হলো সঙ্গস অ্যাবাউট জেন (২০০২), ইট ওন’ট বি সুন বিফোর লং (২০০৭), হ্যান্ডস অল ওভার (২০১০) এবং ওভার এক্সপোজড (২০১২)।
মনোয়ারুল হক
মেরুন ফাইভ অফিশিয়াল ওয়েবসাইট, বিলবোর্ড ও উইকিপিডিয়া অবলম্বনে