ইনস্টাগ্রাম থেকে তারকা
>‘কালো মেয়ে কি নায়িকা হতে পারে? মডেল হতে পারে? ইনস্টাগ্রামে ফলোয়ার থাকলেই হলো!’ এমন কথা শুনে শুনেই নায়িকা হয়ে গেলেন সুনেরাহ্ বিনতে কামাল। অভিনয় করলেন সিনেমায়, এখন ওয়েব প্রযোজনায় অভিনয়ের অপেক্ষায় আছেন। নিজের ব্যক্তিজীবনে দেখেছেন বেশ চড়াই–উতরাই। তাই এখন মিডিয়াজগতের খ্যাতি, তর্ক–বিতর্কের ওঠানামা আর ভাবায় না এই শিল্পীকে।

ছোট্ট বয়স থেকেই শাস্ত্রীয় নাচে তালিম নেওয়া শুরু করেন। ২০১১ সালে এক ফ্যাশন শোতে হঠাৎ শাস্ত্রীয় নাচ জানা একজন মডেলের খোঁজ করা হচ্ছিল। নাচের সূত্র ধরেই র্যাম্পে পা রাখেন সুনেরাহ্ বিনতে কামাল। সেই র্যাম্প ধরে হাঁটতে শুরু করলেন মডেলিং আর অভিনয়ের জগতে, আর থামা নেই। ২০১৮ সাল পর্যন্ত মডেলিং করে গেলেন বিভিন্ন মাধ্যমে। কখনো বিলবোর্ডে পাওয়া গেল সুনেরাহ্কে, কখনোবা বিজ্ঞাপনচিত্রে। এরপর ২০১৮ সালে দেখা গেল মিউজিক ভিডিওতে। তারপর সিনেমায়।
মডেলিং বা সিনেমা দিয়ে পরিচিতি পাওয়ার আগে থেকেই সুনেরাহ্ কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান। তারকা হয়ে উঠতে না উঠতেই এ শিল্পীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ১ লাখ ৪৬ হাজার। আর ফেসবুকে তাঁর অনুসারী আছেন ৫৫ হাজারের বেশি। ইনস্টাগ্রামে নেই সুনেরাহ্র পরিচয় হয় তাঁর প্রথম সিনেমার নির্বাহী প্রযোজক ও সংগীতশিল্পী জেফারের সঙ্গে। জেফারের মাধ্যমেই তিনি যুক্ত হন ন ডরাই ছবিতে। নাম লেখান সিনেমায়। নায়িকা হয়ে নিজেকে কতটা প্রমাণ করতে পারলেন, সেই বিচারের পাল্লায় এখনো নিজেকে দাঁড় করাননি সুনেরাহ্। তবে এইটুকু পথ এসে তিনি যে সাহস পেয়েছেন, তাঁর জোরেই কোমর বেঁধে অভিনয় চালিয়ে যাওয়ার জন্য রীতিমতো মনস্থির করে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে এখন সুনেরাহ্র লক্ষ্য দেশে–বিদেশে, শহরে–গ্রামে—সবখানে সবার মধ্যে পৌঁছে যাওয়ার।
অমসৃণ পথে হেঁটেই এত দূরে
সুনেরাহ্র জীবনে তাঁর বড় বোন সারা বিনতে কামালের অবদান অনেক। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুনেরাহ্ দ্বিতীয়। ছোট ভাই এবার মাধ্যমিক পরীক্ষার্থী। আর বড় বোন এখন বিবিএ পড়ছেন। সুনেরাহ্ বলেন, ‘আমার বোন পরিবারের জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের কথা ভেবে সে তার নিজের পড়াশোনা পর্যন্ত থামিয়ে দিয়েছিল।’ সুনেরাহ্র বাবা একজন পুলিশ কর্মকর্তা। পেশাগত দায়িত্বের কারণে তেমন একটা সময় দিতে পারেন না সন্তানদের। অন্যদিকে সুনেরাহ্র মা তাঁদের সঙ্গে থাকেন না। তাই তিন ভাই–বোন মিলেই নিজের মতো করে গুছিয়ে রাখেন নিজেদের জীবন। মাঝেমধ্যে সময় একটু কঠিন হয়ে উঠলেও এখন আর ওসবে পাত্তা দেন না।

গায়ে মাখেন না সমালোচনা
ব্যক্তিজীবনের টানাপোড়েন নিয়ে আক্ষেপ নেই সুনেরাহ্র। বরং সংকট থেকে শিক্ষা নেন।
তাই তো এখন আর কোনো সমালোচনা গায়ে মাখেন না। তর্ক–বিতর্ক বা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল—যা–ই হোক না কেন, সামলে নেন সব। সুনেরাহ্ বলেন, ‘এইটুকু জীবনে এত কিছু দেখে ফেলেছি যে এখন আর অবাক লাগে না। সবকিছু সহজভাবে নিতে শিখে গেছি।’ কথার সঙ্গে যে সুনেরাহ্র কাজের মিল আছে, তা তাঁর গত কয়েক মাসের কথাবার্তা ও আচরণ দেখেই বোঝা গেছে।
তাঁর প্রথম সিনেমা ন ডরাই এবং এর কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে উঠেছিল বিতর্ক, ওই সময় সুনেরাহ্কে পাওয়া গেছে অবিচলিত, যেখানে অন্য কোনো নবাগতা হলে ভয়ে জমে যাওয়ার জোগাড় হতো। কিন্তু সুনেরাহ্র কথা হলো, ‘যতটা প্রশংসা পেয়েছি, ওটার দিকে নজর দিলে আর কিছু মাথায় আসে না। মনে হয়, ভালো একটা কাজেরই তো অংশ হয়েছি।’
কত কথাই না শুনেছেন
শ্যামবর্ণের এই তরুণীকে তাঁর গায়ের রঙের জন্য নাকি অনেক সময়ই শুনতে হয়েছে অনেক কথা। কালো মেয়েরা নায়িকা হতে পারে না, মডেল হতে পারে না—এসব তো শুনতে শুনতে এখন গায়ে সয়েই গেছে। এরপর যখন অভিনয়ে এলেন তখন শুনলেন, ‘মডেলিং থেকে এসে অভিনয়ে টেকা যায় না।’ পদে পদে এমন নানা কথার তীক্ষ্ণ বাণ পেরিয়ে সুনেরাহ্ এসেছেন আজকের এই জায়গায়। এসব কথা জেদ হয়ে মাথায় চেপে বসেছিল তাঁর। তবে দমাতে পারেনি তাঁর গতিকে। এখন কাজ করছেন ভালোবাসা দিবস সামনে রেখে তৈরি ওয়েব প্রযোজনায়। সামনে আছে তারকাবহুল এক ওয়েব সিরিজের কাজের প্রস্তাব। আছে এমন আরও বেশ কিছু নাম না–জানা প্রকল্পের কাজ। এগুলোর নাম জানতে চাইলে মুখে কুলুপ আঁটেন তিনি। বলেন, ‘চুক্তিতে আছে, এখনই কিছু বলা যাবে না।’

সুনেরাহ্র এ সময়
এখন অভিনয়ের দিকে মনোযোগী। এর পাশাপাশি আরেকটি পরিচয় আছে সুনেরাহ্র। তিনি কাজ করছেন একটি খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডের অ্যাপেরাল ম্যানেজার ও ইন–হাউস স্টাইলিশ হিসেবে। এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি তাঁর। এর আগেই ঢুকে পড়েন মডেলিং ও ফ্যাশনের দুনিয়ায়, এরপর অভিনয়ে। তবে সামনেই আবার শিক্ষাজীবন শুরুর পরিকল্পনা আছে। যেহেতু ফ্যাশন দুনিয়া নিয়েই কাজ করার ইচ্ছা, থাকতে চান মডেলিং আর অভিনয়ে, তাই উচ্চশিক্ষাও সুনেরাহ্ এই বিষয়েই নিতে চান। তবে আগে শক্ত করবেন অভিনয়ের ভিত। তারপর এগিয়ে যেতে চান ধাপে ধাপে। উচ্চশিক্ষা, পেশাগত মানোন্নয়ন আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করা—এসব লক্ষ্য ছুঁয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন তিনি।
আদর রহমান ও শফিক আল মামুন