ইনস্টাগ্রামের 'রানি'

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার হিসাবে পপসংগীত তারকা টেইলর সুইফট আর বিয়ন্স নোলস তাঁকে প্রায় ছুঁয়েই ফেলেছিলেন! শেষপর্যন্ত অবশ্য পারেননি। ছবি শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে সম্প্রতি সবাইকে ছাড়িয়ে গেছেন মার্কিন মডেল ও রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়েন। নিজের একটি সেলফি পোস্ট করে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিম কার্দাশিয়েনই তাঁর অনুসারীদের কাছে এ খবরটি জানিয়েছেন।
ইনস্টাগ্রামে কিমের অনুসারীর সংখ্যা এখন ৪৫ মিলিয়ন। এক খবরে এনডিটিভি অনলাইন জানিয়েছে, কিমের পরে ৪৪.৭ মিলিয়ন অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পপসংগীত তারকা টেইলর সুইফট আর এরপরে সামান্য ব্যবধানের জন্য তৃতীয় অবস্থানে রয়েছেন বিয়ন্স নোলস। বিয়ন্সের অনুসারীর সংখ্যা ৪৪.৬ মিলিয়ন।
গায়ক ও ব্যবসায়ী কেনি ওয়েস্ট নিশ্চয় খুব খুশি স্ত্রী কিম কার্দাশিয়েনের এই সাম্প্রতিক সাফল্যে। গত বছর সদ্য বিবাহিত কিম কার্দাশিয়েন ও কেনি ওয়েস্টের একটি চুম্বনরত ছবি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পেয়েছিল।
এদিকে, অনুসারীর সংখ্যার বিবেচনায় টুইটারে অবশ্য কিম তেমন এগিয়ে যেতে পারেননি। সেখানে রাজত্ব করছেন সংগীতশিল্পী কেটি পেরি। কেটির টুইটার অনুসারীর সংখ্যা ৭৪.৮ মিলিয়ন। আর সেখানে কিমের টুইটার অনুসারীর সংখ্যা মাত্র ৩৪.৯ মিলিয়ন।
২০১২ সালে ইনস্টাগ্রামকে কিনে নিয়ে নেয় ফেসবুক। ছবি শেয়ারের এই সাইটটি বেশ দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে। এখানে ছবি শেয়ারের পাশাপাশি ছবির প্রাসঙ্গিক বর্ণনার দেওয়ারও সীমিত সুযোগ থাকে।