ইনাররিতুর ভার্চ্যুয়াল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনাররিতু
ইনাররিতু

১৭–২৮ মে, ২০১৭

বছর কয়েক আগে ভার্চ্যুয়াল রিয়েলিটি যখন প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলল, তখনই একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল, চলচ্চিত্রে এই প্রযুক্তি কি বড় কোনো পরিবর্তন আনবে? আর সে পরিবর্তনই বা কী হবে?

৭০তম কান চলচ্চিত্র উৎসবে সম্ভবত সে প্রশ্নের উত্তর মিলেছে। এই প্রথম উৎসব কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সিলেকশনে রেখেছে একটি ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রজেক্ট। আর সেটি তৈরি করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু। অ্যামোরেস প্যাররোস, টোয়েন্টি ওয়ান গ্রামস, বাবেল, বার্ডম্যান, দ্য রেভেন্যান্ট-এর মতো ছবিগুলোর জন্য তিনি বিখ্যাত।

ইনাররিতুর সাড়ে ছয় মিনিটের এই ভিআর প্রজেক্টের বিষয়বস্তু শরণার্থী সমস্যা। পাশ্চাত্য বিশ্বে এখন এই সমস্যা প্রকট, কিন্তু এ সমস্যা সৃষ্টির পেছনে তাদেরও দায় আছে। ইনাররিতুর এই প্রজেক্ট দর্শকদের শরণার্থীদের সমস্যাগুলো অনুভব করিয়ে দেবে। প্রজেক্টের নাম ‘কারনে ই আরেনা’ (ভার্চ্যুয়ালি প্রেজেন্ট, ফিজিক্যালি ইনভিজিবল)।

এতে বলা হয়েছে লাতিন আমেরিকান শরণার্থীদের গল্প, যারা মেক্সিকো সীমান্ত দিয়ে অ্যারিজোনা মরুভূমি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সীমান্তেই দেয়াল তোলার কথা বলেছেন। ইনাররিতু ও তাঁর চিত্রগ্রাহক এমানুয়েল লুবেস্কি দুজনেই মেক্সিকোর নাগরিক। কাজ করেছেন হলিউডে। হলিউডেরই প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট নতুন এই প্রজেক্টের জন্য অর্থ দিয়েছে।

ইনাররিতু ও লুবেস্কি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে মরুভূমির বন্ধুর সেই যাত্রাপথে গিয়েছিলেন। আসতে থাকা শরণার্থীদের স্রোতকে ধারণ করেছিলেন ভিআর প্রযুক্তিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা কোণে। এর ফলে উষ্ণ মরুভূমি, দুর্গম পথ আর নিরাপত্তা বাহিনীর তল্লাশির ভয়—সবকিছু মিলেমিশে দর্শক নিজেই যেন অনুভব করে শরণার্থীদের দুর্বিষহ জীবন। দর্শক নিজেই যেন হয়ে ওঠে যন্ত্রণাদায়ক সে যাত্রাপথের অংশী।

ইনাররিতু লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনীতি ও বক্তৃতাবাজির চেয়ে ভিন্ন কিছু করতে চেয়েছেন তিনি। তাঁর মতে, যতক্ষণ না শরণার্থীদের সমস্যা অনুভব করা যাচ্ছে, ততক্ষণ এর সমাধান আসলে সম্ভব নয়। শরণার্থীরা কেন নিজেদের জীবন বাজি রেখে ভয়ংকর এই পথ বেছে নিচ্ছে, সেটা আগে বোঝা প্রয়োজন।

কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট অবলম্বনে