ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্য হলো বাংলাদেশ

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। আর এবারের এ মেলাতেই ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ পেল বাংলাদেশ।
গত শুক্রবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আইপিএয়ের কংগ্রেসে বাংলাদেশকে এই সদস্যপদ দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও তিন বছর মেয়াদি এই সদস্যপদ পেয়েছে চীন, পেরু, জর্ডান ও গ্রিস। এই কংগ্রেসে বক্তব্য দেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম এবং নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক। ফেসবুকের মাধ্যমে তাঁরা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
প্রথমবারের মতো ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের আনুষ্ঠানিক অংশগ্রহণ এবং ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ পাওয়া বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, ‘এ দুই প্রাপ্তির কারণে বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিগন্তে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের প্রকাশনা শিল্পের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের সংযোগ ঘটল।’ তিনি বলেন, ‘এটি দেশের প্রকাশনা শিল্পে বহুমাত্রিক প্রভাব ফেলবে।’
এদিকে, কামরুল হাসান শায়ক জানিয়েছেন, এবার ফ্রাঙ্কফুর্ট বই মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলে ইতিমধ্যে যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, জ্যেষ্ঠ সচিব কবি কামাল চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহাবুবুল হক শাকিল প্রমুখ।
গতকাল শনিবার ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেলের সঙ্গে নির্ধারিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুরের নেতৃত্বে মেলা উপলক্ষে ফ্রাঙ্কফুর্টে অবস্থানরত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরাও অংশ নেন।