ইন্ডিয়ান আইডল ৬ জিতলেন বিপুল মেহতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান আইডলের এবারের মৌসুমে সেরা তিন প্রতিযোগীর প্রত্যেকেই ছিলেন পাঞ্জাবের। তবে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুটটি মাথায় পরেছেন অমৃতসরের বিপুল মেহতা। ১ সেপ্টেম্বর শনিবার রাতে ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ী ঘোষণা করা হয় তাঁকে। পুরস্কার হিসেবে বিপুলকে নগদ ৫০ লাখ ভারতীয় রুপি দিয়েছে সনি চ্যানেল কর্তৃপক্ষ। বিপুল আরও পেয়েছেন ট্রফি, নিশান মিকরা গাড়ি ও সুজুকি মোটরসাইকেল। এ ছাড়া ম্যাক্স লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে তিন লাখ রুপি। নিজের অডিও অ্যালবামের জন্য চুক্তিপত্রও পেয়েছেন বিপুল। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।‘হিরোইন’ ছবির প্রচারণার জন্য ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা কাপুর ও মাধুর ভান্ডারকার। তাঁরা দুজন মিলে বিজয়ীর নাম ঘোষণা করলে উল্লাসে ফেটে পড়েন বিপুল মেহতা।অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিপুল বলেন, ‘সত্যিই আমি অনেক অনেক খুশি। আজকের এই অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈশ্বরের কাছে। আমাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই দর্শকদেরও। আজ আমার দাদার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত আমি।’তারা ঝলমলে জমকালো এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রণবীর কাপুর, প্রিয়াংকা চোপড়া ও ইলিয়ানা ডি ক্রুজ। তাঁরা ‘বরফি’ ছবির প্রচারণাও চালিয়েছেন এই অনুষ্ঠানে। গান গেয়েছেন ইন্ডিয়ান আইডল ৬-এর বিচারক আশা ভোঁশলে, সেলিম মার্চেন্ট ও সুনিধি চৌহান। আরও গেয়েছেন ইন্ডিয়ান আইডল ১ ও ৫-এর বিজয়ী অভিজিত্ সাওয়ান্ত ও শ্রীরাম।