ইন্ডিয়ান আইডলের বিচারক হলেন আশা ভোঁসলে
সংগীত-বিষয়ক জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ষষ্ঠ মৌসুমে বিচারকের আসনে বসতে যাচ্ছেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। অনুষ্ঠানটির এবারের মৌসুমে আনু মালিক, সেলিম মার্চেন্ট এবং সুনিধি চৌহানের সঙ্গে বিচারকের আসনে কে বসবেন—তা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে চূড়ান্ত হয়েছে চতুর্থ সেই বিচারকের নাম। এক খবরে টিওআই জানিয়েছে, ইন্ডিয়ান আইডলের বাছাইপর্বে অংশ না নিলেও, গালা রাউন্ড থেকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আশা। এবারের ইন্ডিয়ান আইডলে বিচারকের আসনে বসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল অস্কার জয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমানকেও। তবে শেষ পর্যন্ত এ আসনের জন্য আশাকেই চূড়ান্ত করা হয়েছে। এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অতিথি বিচারক হিসেবে অংশ নিলেও, এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী এ গায়িকা। অবশ্য ‘সুর ক্ষেত্র’ নামের একটি সংগীত-বিষয়ক রিয়েলিটি শোতে রুনা লায়লা, আবিদা পারভীন, আতিফ আসলাম ও হিমেশ রেশমিয়ার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশার। তবে অনুষ্ঠানটির কার্যক্রম পিছিয়ে যাওয়ায় এবারে ইন্ডিয়ান আইডলের বিচারকার্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আশা ভোঁসলে।উল্লেখ্য, ১ জুন থেকে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ইন্ডিয়ান আইডল প্রচারিত হবে।