ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শাফিনের একক গান

রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে একক গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম ভোকাল শাফিন আহমেদ। এটি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শাফিন আহমেদের প্রথম কোনো একক গানের অনুষ্ঠান। ৮ জুন সন্ধ্যায় শাফিনের একক কনসার্টটি অনুষ্ঠিত হবে।
প্রথম আলো ডটকমকে শাফিন আহমেদ বলেন, ‘এর আগে মাইলস ব্যান্ড নিয়ে আমরা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গানের অনুষ্ঠান করেছি। এবারই প্রথম একক গান করতে যাচ্ছি। তাই একটু অন্যভাবে প্রস্তুতি নিচ্ছি।’ শাফিন আহমেদ এও বলেন, ‘এবারের একক কনসার্টটিতে চমকও থাকবে। এখনই তা প্রকাশ করতে চাচ্ছি না। অনুষ্ঠান দেখতে আসা সবাই চমকটি দেখবেন।’
একক কনসার্টে শাফিন আহমেদ অ্যাকুস্টিক গিটারে নিজস্ব ঢঙে ভিন্ন ধারার গানগুলোই পরিবেশন করেন। এবারেও এর ব্যতিক্রম হবে না বলে জানালেন তিনি। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে শাফিন আহমেদ গাইবেন নিজের সুর করা গানই। থাকবে অনুরোধের গানও। নজরুলগীতির পাশাপাশি নিজের লেখা ও একক অ্যালবাম থেকেও গাইবেন তিনি।