ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হাবিব-ন্যান্সির গান
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দ্বৈত গানের এ আসরে ন্যান্সি গাইবেন হাবিব ওয়াহিদের সঙ্গে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হাবিবের এটি দ্বিতীয় সংগীতসন্ধ্যা হলেও ন্যান্সির জন্য প্রথম। আগামী ৮ মার্চ সন্ধ্যায় তাঁরা সেখানে গান করবেন বলে জানান ন্যান্সি। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠানটি। সেখানে হাবিব ও ন্যান্সি তাঁদের বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘আগামী ৮ মার্চ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান করার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানের পাশাপাশি উপস্থিত দর্শকদের অনুরোধের গানও করব।’ ৮ মার্চ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানের পরদিন ৯ মার্চ ন্যান্সি এসএটিভির সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেবেন। ১২ মার্চ রাতে বাহরাইনে একটি শোতে অংশ নিতে ঢাকা ছাড়বেন ন্যান্সি। বাহরাইনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আগামী ১৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে থাকা হচ্ছে না ন্যান্সির। তিনি বলেন, ‘আমার জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ইচ্ছে ছিল নিজ হাতে পুরস্কারটি নেওয়ার। কিন্তু অনেক আগে থেকেই বাহরাইনের অনুষ্ঠানটি চূড়ান্ত হয়ে আছে বলে দেশে থাকা হচ্ছে না। নিজ হাতে পুরস্কারটি নিতে পারলে অনেক বেশি ভালো লাগত।’ ‘প্রজাপতি’ ছবিতে গান করার জন্য ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সেরা সংগীতশিল্পী) পান ন্যান্সি।