ইন্দিরা গান্ধীতে কাল হাবিবের গান
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে কাল শনিবার সন্ধ্যায় গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এটি হাবিবের একক গানের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে হাবিব তাঁর বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।প্রথম আলো ডটকমকে হাবিব বলেন, ‘১০ নভেম্বর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান করার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানের পাশাপাশি উপস্থিত দর্শকদের অনুরোধের গানও করব।’এদিকে হাবিব তাঁর নতুন একক অ্যালবাম ‘স্বাধীন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ১১ নভেম্বর অ্যালবামটি মুঠোফোনে মুক্তি দেওয়া হবে। মুঠোফোন সেবাদাতাপ্রতিষ্ঠান বাংলালিংকের মিউজিক স্টেশন ৪৮৪৮ এ অ্যালবামটি প্রকাশিত হবে। মুঠোফোনে প্রকাশের এক মাস পর ১২.১২.১২ তে অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে। মেলো রোমান্টিক ধাঁচের এ অ্যালবামে গান থাকবে আটটি। হাবিবের আগের তিনটি অ্যালবামে দ্বৈত গান থাকলেও এবার কোনো দ্বৈত গান নেই। গানগুলোর কথা লিখেছেন সোহেল আরমান, শফিক তুহিন, মিলন মাহমুদ, চিরকুট ব্যান্ডের সুমী, মাহবুব মহসিন ও মোজাম্মেল হক।