ইফ্ফাত আরার গান-চিত্রকর্মে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে তাঁর আঁকা ছবি, মঞ্চে তাঁর গান। গতকাল বেঙ্গল শিল্পালয়ে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ছবি-সুরে মুগ্ধ করে রেখেছিলেন তাঁর শ্রোতা-দর্শকদের।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ মে থেকে বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছিল ইফ্ফাত আরা দেওয়ানের আঁকা ১০ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী। গতকাল রোববার প্রদর্শনীর সমাপনী দিনে ছিল তাঁর একক গানের অনুষ্ঠান ‘কারে চাহে গাহে প্রাণ’।সন্ধ্যার পরিবেশটাই ছিল দারুণ উপভোগ্য। গ্যালারির দেয়ালজুড়ে ইফ্ফাত আরা শিল্পকর্ম, আর ঘরজুড়ে তাঁর সুরের আবহ। ছবিগুলোতেও উৎকীর্ণ হয়েছে রবীন্দ্রনাথের গানের পঙিক্ত। ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি’, ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’, ‘আসা-যাওয়ার পথের ধারে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’ এসব চরণ উৎকীর্ণ হয়েছে ছবিগুলোতে। শ্রোতার আগমনও ছিল উল্লেখযোগ্য। মঞ্চ ঘিরে শ্রোতারা অপেক্ষা করছিলেন, কখন শুরু হবে গান। পাশ ঘেঁষে অন্য যে ঘরটি, সেখানে প্রযুক্তির সহযোগিতায় প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের দেখার ব্যবস্থা রয়েছে। মূল মিলনায়তনে জায়গা না পেয়ে অনেকেই পর্দার সামনে অপেক্ষা করছেন। ‘লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করেন ইফ্ফাত আরা। এরপর শোনালেন ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘তুমি কেমন করে গান করো’, ‘যা হারিয়ে যায়’, ‘হার মানালে গো’, ‘তুমি যেয়ো না’, ‘আজি তোমায় আবার’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘মম দুঃখের সাধন’, ‘এরা পরকে আপন’, ‘দীপ নিভে গেছে’, ‘অনেক কথা বলেছিলেম’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘তবু মনে রেখো’, ‘আমার ভাঙা পথের’, ‘তুমি রবে নীরবে’সহ ২৫টি রবীন্দ্রসংগীত।রবীন্দ্রনাথ নিয়ে ‘আমি তোমাদের লোক’সংবৃতা আবৃত্তিচর্চা ও বিকাশকেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সার্ধশততম জন্মবার্ষিকীর আয়োজন করেছে আবৃত্তি অনুষ্ঠান ‘আমি তোমাদের লোক’। গতকাল রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে শিল্পীরা কবির বিভিন্ন স্বাদের কবিতা আবৃত্তি করেন। নবীন ও প্রবীণের পরিবেশনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করে। সমবেত পরিবেশনায় ছিল ‘অন্তর মম’ এবং ‘ত্রাণ’। এ ছাড়া শামসুদ্দোহা ও চৈতি দ্বৈতভাবে ‘হঠাৎ দেখা’, কাজী রাজেস ও অর্পিতা পাল ‘পথের বাঁধন’, লাবণ্য ও কাজী রাজেস ‘কর্ণ কুন্তি সংবাদ’ পরিবেশন করেন।শেষ হলো বাংলা বিভাগের উদ্যাপনআলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। গতকাল রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দুই দিনব্যাপী এ উদ্যাপন শেষ হয়।গতকাল বেলা ১১টা থেকে আলোচনা শুরু হয়। রবীন্দ্রনাথের কথাসাহিত্য নিয়ে খালিকুজ্জামান ইলিয়াস, চিত্রকর্মের ওপর মইনুদ্দীন খালেদ, সংগীত সম্পর্কে মৃদুল কান্তি চক্রবর্তী এবং নাটক বিষয়ে সৈয়দ জামিল আহমেদ প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, বিশ্বদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।