
ইফ্ফাত আরা দেওয়ানের প্রধান পরিচয় তিনি রবীন্দ্রনাথের গানের এক বিশিষ্ট শিল্পী। এ পরিচয়ের সঙ্গে যুক্ত রয়েছে চিত্রশিল্পে তাঁর অনুরাগ ও সাধনার বিষয়টি। একাগ্র নিষ্ঠা, পরিশ্রম ও নব উদ্ভাবন-কৌশলের মধ্য দিয়ে তিনি চিত্রশিল্পের অঙ্গনে কাজ করে চলেছেন। দীর্ঘ ৪৩ বছর ধরে সংগীতচর্চার পাশাপাশি তিনি চিত্রবিদ্যাচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশে ও বিদেশে তাঁর বেশ কিছু চিত্র প্রদর্শনী শিল্পরসিকদের আকৃষ্ট করেছে। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে তাঁর ‘লাস্ট সামার’ শীর্ষক প্রদর্শনী।
প্রদর্শনীটি শুরু হয়েছে ১৩ এপ্রিল রোববার। প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীসহ অনেকে উপস্থিত ছিলেন। ২৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনীটি।
প্রদর্শনীর শিরোনাম লাস্ট সামার। তাহলে কি বাংলা নববর্ষকে উপলক্ষ করে এ প্রদর্শনীর আয়োজন? শিল্পী বললেন, ‘না। অনেক কাজই তৈরি ছিল। আরও কিছু কাজ প্রদর্শনী সামনে রেখে করেছি। প্রদর্শনীর প্রস্তুতি যখন চলছিল, তখন বৈশাখ আসন্ন। এ কারণে নামটি দেওয়া হয়েছে লাস্ট সামার।’ জানালেন, চিত্রকর্মগুলো বেশির ভাগই অ্যাক্রেলিক ও চক পেনসিল মাধ্যমে আঁকা।
লাস্ট সামার প্রদর্শনীর চিত্রকর্মের বেশির ভাগই প্রস্ফুটিত ফুল আর ল্যান্ডস্কেপ। ফুলদানিতে রাখা ফুলের তোড়া, সারা ঘরে ছড়িয়ে থাকা ছোটখাটো বিষয়গুলো অন্য মাত্রার আবেগ আর অর্জনের পরিচয় দেয়। তাঁর ছবিতে পুষ্প ও পুষ্পবীথি নানা ভঙ্গিমায় ও নানা পরিস্থিতিতে উপস্থাপিত হয়েছে। কৌশলী রঙের ব্যবহারে তিনি একই বিষয়ে ভিন্নতা নিয়ে হাজির হয়েছেন বারবার।
শিল্পীর সৃজনশক্তি উৎকর্ষের মধ্যে দেখা যায় প্রাণদায়ী ও আনন্দময় এক রূপ। তিনি পরম মমতায় রেখা ও রঙে এমন এক আবহ সৃষ্টি করেন, যা খুবই মনোগ্রাহী। গতকাল গ্যালারিতে আসা এক দর্শক বললেন, ছবিগুলোর বৈশিষ্ট্য ও প্রকাশরীতির সারল্য সহজেই মুগ্ধ করে। রেখা, পরিপ্রেক্ষিত নির্মাণ ও রঙের ব্যবহারে মুনশিয়ানার যে ছাপ পাওয়া যায়, বাংলাদেশের চিত্রকলার ভুবনে তা বৈশিষ্ট্যে উজ্জ্বল।
শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ছায়ানট থেকে সংগীতে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেছেন। এটি তাঁর ১১তম একক চিত্র প্রদর্শনী।