ইবরার টিপু ও দিনাত জাহানের কণ্ঠে শাহবাগ নিয়ে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবার দ্বৈত কণ্ঠের একটি গান করলেন ইবরার টিপু ও দিনাত জাহান মুন্নী। গানটির শিরোনাম ‘জেগেছে নতুন এক বাংলাদেশ’। সম্প্রতি ইবরার টিপুর মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ‘দেখ বিশ্ব দেখ দৃশ্য, জেগেছে নতুন এক বাংলাদেশ/ কণ্ঠে কণ্ঠে আজ একই সে আওয়াজ, যুদ্ধটা এখনো হয়নি শেষ/ রক্ত দামে কেনা এই বাংলাকে, সাহস আছে কার দাবিয়ে রাখে/ মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে/ কান পাতলে পাবে, সেই সে রেশ/ জেগেছে নতুন এক বাংলাদেশ—এমন কথার গানটি লিখেছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সম্প্রতি শাহবাগের প্রজন্ম চত্বরে ইবরার টিপু ও দিনাত জাহান মুন্নী আন্দোলনকারী তরুণদের সামনে ‘জেগেছে নতুন এক বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন। ইবরার টিপু বলেন, ‘আন্দোলনের প্রথম থেকেই শাহবাগে আছি। দেশাত্মবোধক বিভিন্ন গানও করেছি। চিন্তা করলাম, এই আন্দোলন নিয়ে নতুন কোনো গান করা যায় কি না? বকুল ভাইয়ের সঙ্গে আলাপ করার পর চমত্কার একটি গান তিনি লিখে দেন। এরপর গানটি তৈরি করি। আসলে আমরা যারা শিল্পী, তাদের প্রতিবাদের ভাষা গান। আমি আমার গানের মধ্য দিয়ে তা প্রকাশ করছি।’ টিপু জানান, ‘এরই মধ্যে গানটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাই তাঁদের কথা চিন্তা করে দু-একদিনের মধ্যে গানটির ভিডিও তৈরির পরিকল্পনাও করছি।’ উল্লেখ্য, এর আগে শাহবাগ নিয়ে ওপার বাংলার গায়ক কবীর সুমন গান তৈরি করেছেন। আর বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রীতম, ভব, শফিক তুহিন, শহীদুল্লাহ ফরায়েজী, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, রাজেশ, পৃথ্বীরাজ, পুলক, সুমন কল্যাণ, চিরকুট ব্যান্ড ও সায়ানসহ আরও অনেকেই গান করেছেন।