ইবরার টিপুর সংগীতায়োজনে সেরাকণ্ঠের চৈতী
ইবরার টিপুর সংগীতায়োজনে নতুন একটি গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের গায়িকা চৈতী মুত্সুদ্দি।গতকাল শুক্রবার রাতে ইবরার টিপুর নিজস্ব স্টুডিও ওহী’স ওয়ার্ক স্টেশন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দ্বৈতকণ্ঠের এই গানটিতে চৈতীর সহশিল্পী দিপু। গানটি নবীন কণ্ঠশিল্পী দিপুর একক অ্যালবামের জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইবরার টিপু। স্বপ্নতরী শিরোনামে গানটির কথা লিখেছেন এ. মিজান।ইবরার টিপু জানিয়েছেন, চৈতী এর আগে আমার সঙ্গে একটি দ্বৈত অ্যালবামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছে। এটি ওর সঙ্গে আমার দ্বিতীয় কাজ।’ তিনি বলেন, ‘চৈতী এমনিতে ভালো গান করে। এবারের গানটিতেও তার ব্যতিক্রম হয়নি।’ এ প্রসঙ্গে চৈতী বলেন, ‘ইবরার টিপু ভাই আমার পছন্দের শিল্পী ও সংগীত পরিচালক। তাঁর সঙ্গে এর আগে একটি গান করার সৌভাগ্য হয়েছে। প্রিয় শিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে আবারও কাজ করে আমি বেশ আনন্দিত।’চৈতী আরও জানিয়েছেন, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার পর বেশ কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছি। এবার নিজের প্রথম একক অ্যালবামের কাজ শুরু করলাম। শফিক তুহিন ভাই এরই মধ্যে একটি গান তৈরি করেছেন। আমার প্রথম একক অ্যালবামটিতে বর্তমান সময়ের গুণী ও জনপ্রিয় সংগীত পরিচালকরাই কাজ করবেন।’ কণ্ঠশিল্পী দিপুর প্রথম অ্যালবাম ‘ভালোবাসো আমায়’ প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছিল ২০১২ সালের মে মাসে। এখন তার দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে। অ্যালবামটি চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসবে বলে জানিয়েছেন দিপু।