ইবরার টিপুর ‘চাই তোমায় প্রার্থনায়’
সংগীতশিল্পী ইবরার টিপুর প্রথম একক অ্যালবাম ‘চেনা-অচেনা’ প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। প্রায় ছয় বছর পর এবার আসছে শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম ‘চাই তোমায় প্রার্থনায়’। অ্যালবামে গান থাকবে ১২টি। এরই মধ্যে সবগুলো গানের রেকর্ডিং শেষ হয়েছে। অ্যালবামের গীতিকাররা হলেন জুলফিকার রাসেল, সোহেল আরমান, শফিক তুহিন, ইব্রাহিম ফাতেমী, গোলাম সোহরাব, যাযাবর জয় ও ইবরার টিপুর সহধর্মিণী মিথিলা ইবরার। অ্যালবামের প্রথম গানটি হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত গান ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে/ ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে’। ইবরার টিপু বলেন, ‘অ্যালবামের সবগুলো গান মেলোডি ধাঁচের। হিপহপ, ক্লাসিক্যাল এবং সুফি ঘরানার গানও গেয়েছি। আশা করছি, অ্যালবামের সবগুলো গানই শ্রোতাদের ভালো লাগবে।’জানা গেছে, এ মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে অ্যালবামটি আসবে। ইবরার জানান, দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা হয়ে আছে। দু-এক দিনের মধ্যে সেটা একেবারে চূড়ান্ত হয়ে যাবে।