ইবরার টিপুর 'জানে খোদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবরার টিপু
ইবরার টিপু

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপুর তৃতীয় একক গানের অ্যালবাম। এবারের অ্যালবামটির নাম রাখা হয়েছে  ‘জানে খোদা’।

ইবরার টিপু বলেন, ‘আমার শেষ একক গানের অ্যালবামটি প্রকাশিত হয় ২০১১ সালে। এরপর বিভিন্ন শিল্পীর গানের পাশাপাশি নিজের একক অ্যালবামের জন্যও গান গোছাতে থাকি। গানগুলো তৈরির পর মেলো রক, সুফি ও রিদমিক ধাঁচের ওপর সংগীতায়োজন করেছি। এবারের অ্যালবামে গিটার এবং অ্যাকুস্টিক যন্ত্রের অনেক কাজ রেখেছি। আমার বিশ্বাস, গানগুলো শোনার পর শ্রোতারা আনন্দিত হবেন।’

‘জানে খোদা’ অ্যালবামে মোট গান রয়েছে ১০টি। ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি দ্বৈত গানে টিপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বর্ণালী সাহা। গানটির মিউজিক ভিডিও এরমধ্যে প্রকাশ করা হয়েছে। বাকি গানগুলো টিপুর একক।

‘জানে খোদা’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, ইব্রাহীম ফাতেমী, মিথিলা ইবরার, কাজী আলী ইমাম ও এইচ এম ইসমাইল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু নিজেই।

উল্লেখ্য, ২০০৫ সালে বাজারে আসে ইবরার টিপুর প্রথম একক ‘চেনা-অচেনা’। ছয় বছর পর প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক ‘চাই তোমায়’।