ইভ টিজিংয়ের প্রতিবাদ নিয়ে নাটক
অনুর বান্ধবী নোভা। কলেজ থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই বখাটেদের ইভ টিজিংয়ের শিকার হয় নোভা। ব্যাপারটা চোখ এড়ায়নি অমির। একদিন এর প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের গুলিতে নিহত হয় সে। অমির মৃত্যুসংবাদে কষ্ট পায় অনু। অনু কখনো অমিকে দেখেনি। অমি ভালোবাসত অনুকে। একই পাড়ায় থাকে ওরা। ফোনে কথা হতো শুধু অনুর সঙ্গে। অমি দেখা করতে চেয়েছিল। সামনে পরীক্ষা, তাই অনু রাজি হয়নি। এমন গল্প নিয়ে সারওয়ার-উল-ইসলাম লিখেছেন নাটক দুঃখটা একান্তই অনুর। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নাটকটির এখন শুটিং হচ্ছে। অমির চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। তিনি বললেন, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। নাটকে এই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।’আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সুমাইয়া শিমু, ঈশানা ও পৃথুরাজ। নাটকটি পয়লা বৈশাখে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখানো হবে।