ইভা রহমানের ‘মনে রবে কি না রবে আমারে’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী ইভা রহমানের একক গানের অ্যালবাম মনে রবে কি না রবে আমারে। আজ রোববার এটিএন বাংলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির প্রকাশনা মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব করা হয়। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক। এটি শিল্পীর রবীন্দ্রসংগীতের দ্বিতীয় একক অ্যালবাম। ইভা রহমানের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, উপদেষ্টা সাইফুল বারী, অনুষ্ঠান প্রধান নওয়াজীশ আলী খান, রবীন্দ্র গবেষক করুণাময় গোস্বামী, বাংলালিংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা শারফুদ্দীন আহমেদ এবং শিল্পী ইভা রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সবাই শিল্পীর অ্যালবামটির প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য প্রধান দেন।ইভা রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে রবীন্দ্র গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে পেরে বেশ গর্ব বোধ করছি। রবীন্দ্রনাথের গানের মূল ভাব ঠিক রেখে বর্তমান সময়োপযোগী করে গানগুলো গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে অ্যালবামটি।’ অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পীর প্রকাশিত অ্যালবামটির গান নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র উপস্থিত সবাইকে দেখানো হয়।