ইমতিয়াজ সোহাগের ‘দ্য ওয়াটার বিয়ন্ড’
চৈত্রের খরতাপে তপ্ত পরিবেশ। তৃষ্ণায় কাতর বাঘ নেমে গেছে চিড়িয়াখানার চৌবাচ্চায়। পানিতে গা ডুবিয়ে তর্জন-গর্জন দর্শনার্থীদের উদ্দেশে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ লা গ্যালারির দেয়ালে শিল্পী ইমতিয়াজ সোহাগের ক্যানভাসে এভাবেই মূর্ত হয়েছে এই দৃশ্য। গত বৃহস্পতিবার এখানে শুরু হয়েছে তাঁর একক চিত্র প্রদর্শনী। ‘দ্য ওয়াটার বিয়ন্ড’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ে লিতভিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী জামাল আহেমদ। প্রদর্শনীতে শিল্পীর ২০টি ছবির পাশাপাশি আছে একটি ভাস্কর্য ও ভিডিও স্থাপনা। চিত্রকর্মগুলোতে আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা বৈরী ঘটনাগুলোকেই তিনি তুলে এনেছেন। আবহাওয়া পরিবর্তন, সাইক্লোন, জলোচ্ছ্বাস ও সড়ক দুর্ঘটনার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট সমস্যাগুলো শিল্পী বিশেষভাবে তুলে ধরেছেন তাঁর চিত্রকর্মে। জলরং ও তৈলচিত্রে ফুটে উঠেছে ডুবন্ত জাহাজ, দুর্ঘটনাকবলিত বিধ্বস্ত গাড়ি আর ক্রন্দনরত মানুষের ছবি। ক্যানভাসে কিছু অর্থবহ টুকরা ঘটনার বিন্যাসে তিনি একটি জীবনঘনিষ্ঠ গল্প তুলে ধরতে চেয়েছেন। বর্তমানে ফ্রান্স প্রবাসী শিল্পী ইমতিয়াজ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যয়ন করেন। তিনি ফ্রান্সের ‘একোল দে বোজ-আটস্ দে-অঁ-প্রভন্স’-এ এক বছর পড়াশোনা করে ভর্তি হন প্যারিসের খ্যাতনামা প্রতিষ্ঠান একোল ন্যাশনাল দে আটস্ ডেকোরাটিভে এবং সেখান থেকে ২০০৪ সালে ‘আটস্ এসপাস’-এর স্নাতক লাভ করেন। এখন তিনি ফ্রান্সেই স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।