ইমন আমাকে দৌড়ে ধরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন মডেল ও অভিনয়শিল্পী সারিকার একটি এনজি শটের মজার স্মৃতি।

একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একাধিক এনজি শটের ঘটনা ঘটেছিল। এ বছরের জানুয়ারি মাসের কথা। শুটিং হচ্ছিল কলকাতায়। আমার সহশিল্পী ছিলেন ইমন। আর ইমনের কারণেই সেদিন শুটিংয়ে বারবার এনজি শট হয়েছিল। দৃশ্যটা ছিল এমন—আমি দৌড় দেব, পেছনে পেছনে দৌড়ে ইমন আমাকে ধরবে। যতবারই টেক নেওয়া হয়, দৃশ্যটি এনজি হয়ে যায়। কারণটা কী? পরে পরিচালক বললেন, দৌড়ানোর সময় হয় আমার থেকে ইমনের দূরত্ব মিলছিল না এবং ইমনের দৌড়ানোর ভঙ্গিটা মানানসই হচ্ছিল না।

একটা ব্যাপার বলে নিই বিজ্ঞাপনের শুটিংয়ে প্রতিটি শটই সূক্ষ্ম হয়ে থাকে। এদিক-সেদিক হওয়ার কোনো উপায় নেই। তাই সূক্ষ্ম হওয়ার জন্য মডেলদেরও খুব সতর্ক থাকতে হয়। কিন্তু আমাদের দুজনের ঠিক ব্যালেন্স হচ্ছিল। একটা পর্যায়ে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনক মিত্র বলেই ফেললেন, ‘ইমন, তোমাকে তো দৌড়ের অনুশীলন করে এসে কাজ করতে হবে।’ এ কথা শুনে ইউনিটের সবাই হেসে দিলেন। যতটুকু মনে পড়ে, প্রায় ১৫-২০ বার চেষ্টার পরে দৃশ্যটি পরিচালকের মনঃপূত হয়েছিল।

অনুলিখন: শফিক আল মামুন