ইমন-দীপালির ‘পায়রা’ উড়ছে
চলচ্চিত্র অভিনেতা ইমন ও ছোটপর্দার অভিনয়শিল্পী দীপালিকে নিয়ে শুরু হয়েছে ‘পায়রা’ চলচ্চিত্রের প্রথম দিনের শুটিং। গতকাল বুধবার উত্তরার একটি শুটিং বাড়িতে সাব্বিরের কণ্ঠে গাওয়া ‘কত ভালোবাসি তোমায়’ গানটির মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার সকাল থেকে এফডিসির ২ নম্বর ফ্লোরে ছবিটির শুটিং হচ্ছে বলেই জানিয়েছেন ছবিটির অভিনেতা ইমন। অভিনয় প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ইমন জানিয়েছেন, ‘আমার কাছে যখন ছবিটির প্রস্তাব আসে তখন এর গল্পের আধুনিকতা এবং অন্যান্য বিষয়ে আমার নিজস্ব মতামত জানিয়েছিলাম। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, পায়রা ছবির গল্পে মন্ত্রমুগ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। লাল টিপ ছবির পর অনেকে আমাকে নতুন একটা রূপে দেখতে চেয়েছিল। আমার বিশ্বাস পায়রা সবার সে আশাটাকে পূরণ করবে।’পায়রা ছবির নায়িকা হিসেবে অভিনয় করবেন দীপালি। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। সে বিবেচনায় পায়রা কি ইমনের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং নয়—এমন প্রশ্নের উত্তরে ইমন বলেন, ‘আমি নিজেও কিন্তু নতুন। তবে এটা ঠিক যে খুব অল্প সময়ের মধ্যেই শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাহারাদের মতো প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে আমি কাজ করেছি। পাশাপাশি কুসুম সিকদার, চাঁদনী ও রজনির মতো উঠতি নায়িকাদের সঙ্গেও কাজ করেছি। সবগুলো ছবিতেই কিন্তু আমি অভিনয় দিয়েই আমার যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছি। জানি না, কত দূর করতে পেরেছি। তবে এটা ঠিক যে আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’এদিকে প্রথম ছবিতে প্রথম দিনের অভিনয়ের অভিজ্ঞতা হিসেবে প্রথম আলো ডটকমকে দীপালি জানিয়েছেন, ‘শুটিং শুরুর আগ মুহূর্ত পর্যন্ত কিছুটা ভয় কাজ করেছিল। তবে সহশিল্পী ও অন্যদের সহযোগিতার কারণে একেবারে দূর হয়ে গেছে। সবকিছু মিলিয়ে প্রথম দিনের অভিজ্ঞতা এককথায় অসাধারণ।’এদিকে পায়রা ছবিতে অভিনয় ছাড়াও ইমন বর্তমানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনতো প্রেম হয়’ এবং নার্গিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রের কাজ করছেন। ইমন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘লাল টিপ’। স্বপন আহমেদের পরিচালনায় ছবিটিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন কুসুম সিকদার।