ইমন-মীম একই পথে
‘আমরা আজ লন্ডনের টেমস নদীর সেতুর ওপর ছবি তুলব’—ইমনের কথায় মীমের চোখ কপালে, ‘মানে কী!’ ‘আমাদের হাতিরঝিল কি টেমস নদীর চেয়ে কোনো অংশে কম!’ ইমনের এমন উত্তরে সবার মধ্যে হাসির রোল। ততক্ষণে সেতুর ওপর আলোকচিত্রী খালেদ সরকারের ক্যামেরায় একের পর এক ক্লিক, ক্লিক, ক্লিক...। ছবিতে বন্দী হলেন ইমন ও মীম। তাঁদের নিয়ে এবার আমাদের যাত্রা হাতিরঝিল টু গুলশান কেএফসি। জনপ্রিয় এই দুই তারকার উপস্থিতিতে সেদিন ভরদুপুরে কেএফসিতে আসা মানুষের খাবারের আড্ডায় কিছুটা ছন্দপতন ঘটলেও আমাদের আড্ডার ছন্দ তখন তুঙ্গে। দুজনই এখন চুটিয়ে চলচ্চিত্রে অভিনয় করছেন। একসঙ্গে জুটি হয়েছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। ‘কোন কোন ছবিতে জুটি হয়েছেন?’—শুরুতেই দুজনকে ছোট্ট প্রশ্ন।ইমনই শুরু করলেন, ‘তুমি সন্ধ্যার মেঘমালা, পদ্মপাতার জল ও জোনাকির আলো।’ যোগ করে মীম বললেন, ‘তিনটি ছবিরই শুটিং চলছে।’ একসময় দুজনেই ছোট পর্দায় কাজ করেছেন। এখন ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। তারকার আকালে নতুন প্রজন্মের এ দুজনকে নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাতাই ভাবতে শুরু করেছেন। পরপর তিনটি ছবিতে তাঁদের দুজনের জুটিবদ্ধ কাজে এর প্রমাণও মেলে।রাজ্জাক-কবরী, রাজ্জাক-শাবানা, আলমগীর-শাবানা, ফারুক-ববিতা কিংবা সালমান শাহ-শাবনূর থেকে আজকের শাকিব-অপু জুটি। এ সারিতে নিজেদের ভাবছেন কি? ‘পরিচালকেরা কিন্তু আমাদের কাজ দেখেই দুজনকে একসঙ্গে নিচ্ছেন।’ মীমের কথা। ইমনও মুখ খুললেন, ‘আমরা যেসব ছবিতে কাজ করছি সেগুলোর গল্প ভালো। দর্শকের ভালো লাগবে আশা করি। এক দিনে তো সবকিছু হবে না। গত তিন বছর আমি শুধু চলচ্চিত্রে নিজেকে তৈরির জন্য লড়ছি। নিয়মিত অভিনয়, নাচ চর্চা করে যাচ্ছি।’ মীমের মুখেও এবার খই ফোটে, ‘চলচ্চিত্রে অভিনয় দিয়েই আমার শুরু। ভালো কিছু করার জন্য মাঝে দুই বছর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। নিজেকে তৈরির জন্য এখন সব ধরনের শিক্ষা নিচ্ছি।’সেদিন আড্ডায় অনেক বিষয়েই দুজনের মতে ছিল দারুণ মিল। দুজনই বললেন, ‘অভিনয়টা বড় ব্যাপার। তবে আগে চলচ্চিত্রে ভালো গল্প প্রয়োজন।’কেমন?ইমন বললেন, ‘বাইরের দেশে নির্মাতারা শুধু গল্প, পাণ্ডুলিপির জন্য বড় অঙ্কের টাকা খরচ করেন। সেখানে আমাদের পুরো ছবির বাজেটই কম। তাহলে ভালো গল্প-পাণ্ডুলিপি কীভাবে আসবে? আবার ছবি মুক্তির পর তেমন একটা প্রচারের ব্যবস্থাও নেই।’ ইমনের কণ্ঠে আফসোস। তাতে সায় দেন মীম। কিন্তু আফসোসের পাশাপাশি আশার সলতেটিও জ্বলে। আবার বললেন ইমন, ‘তবে এখন অনেক তরুণ নির্মাতা ভালো গল্প ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে ছবি নির্মাণ করছেন। এতে দর্শকও ফের প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন।’ ‘আমরা নতুনেরাই চলচ্চিত্রের মন্দাবস্থা ভেঙে দেব। চলচ্চিত্রের সোনালি দিন ফিরবেই।’ অনেকক্ষণ চুপ থাকার পর মীমের মুখেও এখন অন্য রকম দীপ্তি। আমাদের কথোপকথনে সময় গড়াল ঢের। ইমন-মীম দুজনেরই চোখেমুখে দারুণ আশার দীপ্তি। তাঁদের সেই দীপ্তি আমাদেরও ছুঁয়ে যায়।