ইমনের গান সামিউলের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন চক্রবর্তী ও সামিউল ইসলাম
ইমন চক্রবর্তী ও সামিউল ইসলাম

শনিবার সন্ধ্যায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে গান ও কবিতার কোলাজে ছিলেন ইমন চক্রবর্তী ও সামিউল ইসলাম। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কাব্য থেকে আবৃত্তি করেন বাংলাদেশের সামিউল ইসলাম। সেই কবিতা থেকে উৎসারিত আমেজের রেশ ধরে রবীন্দ্র সংগীত গেয়ে শোনান কলকাতার শিল্পী ইমন চক্রবর্তী। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বাংলার লোক ও পাশ্চাত্য সংগীতের ভাঙা গানগুলোই দর্শক-শ্রোতাদের বেশি আনন্দ দিয়েছে। বিশেষ করে ‘হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই’-এর সুর ধরে রবীন্দ্রনাথের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’। এই গানটি গেয়ে শিল্পী ইমন বুঝিয়ে দিলেন, লোক সংগীত গাওয়ার ক্ষেত্রেও তাঁর কণ্ঠে আবেগের কমতি নেই। গীতাঞ্জলি থেকে ‘হে মোর চিত্ত’ আবৃত্তি করে শিল্পীকে গানটি ধরিয়ে দেন সামিউল। সব শেষে লগ্ন কবিতার রেশ ধরে শিল্পী গেয়ে শোনার ‘রাঙিয়ে দিয়ে’, ‘ফাগুন হাওয়ায়’ ও ‘সব দিবি কে’ গান তিনটি।

এ দিন বিভিন্ন যন্ত্রসংগীতের বর্ণময় সংগতের যে সাংগীতিক ছবি ফুটে উঠেছিল, তাতে গান-কবিতার রসাস্বাদনে কোনো ব্যাঘাত ঘটেনি, যা আগতদের মুগ্ধ করেছিল।