ইমনের ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন। ছবি: আনন্দ
ইমন। ছবি: আনন্দ

সময়টা দারুণ কাটছে ইমনের। কাজের শত ব্যস্ততায়ও ক্লান্ত হচ্ছেন না। বরং ব্যস্ততাকে উপভোগ করছেন তিনি। সাত বছর ধরে অভিনয় করছেন চলচ্চিত্রে। কাজ করেছেন ২৫টি ছবিতে। একাধিক ব্যবসাসফল ছবি আছে তাঁর ঝুলিতে। 
হিসাব কষলে দেখা যায়, বছরে গড়ে চারটি করে ছবিতে অভিনয় করেছেন ইমন। তাঁর সর্বশেষ ছবি জানে না এই মন মুক্তি পায় গত ৩১ অক্টোবর। কাল ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমনের আরেকটি ছবি স্বপ্ন যে তুই।
ইমন বললেন, ‘এখানে আমি সহজ-সরল একজন যুবকের চরিত্রে অভিনয় করেছি।’
স্বপ্ন যে তুই ছবির প্রচারণায় ঢাকার বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহে থাকবেন ইমন। তাঁর সঙ্গে থাকবেন ছবির নায়িকা অাঁচল। তাঁরা কথা বলবেন দর্শকদের সঙ্গে।
ইমন বলেন, ‘বলিউডের শিল্পীরা তাঁদের ছবি মুক্তির আগে নানা ধরনের প্রচারণায় অংশ নেন। ইদানীং কলকাতার ছবিতেও এই প্রচারণার বিষয়টি চোখে পড়ছে। আমাদের এখানে ছবির শুটিং শেষ হওয়ার পর আর কিছু করার থাকে না। আমরা যদি দর্শকদের সঙ্গে হলে বসে ছবি দেখি, তাহলে তাঁরা কিন্তু উৎসাহ পান। গত মাসে জানে না এই মন ছবির ক্ষেত্রেও আমি একই কাজ করেছি। এতে লাভ হয়েছে। কাছ থেকে দর্শকদের অনুভূতি জেনেছি।’
ইমনের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। টিভি নাটকে কাজ করেছেন। তৌকীর আহমেদের দারুচিনি দ্বীপ তাঁর প্রথম ছবি। তবে নায়ক হিসেবে ইমনের প্রথম ছবি এক বুক ভালোবাসা। তখন অবশ্য টিভি নাটকের ফাঁকে ছবির কাজ করতেন তিনি। চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে টিভি নাটককে আপাতত গুডবাই জানিয়েছেন ইমন। চলচ্চিত্রকে ঘিরে তাঁর প্রস্তুতির শেষ নেই। বললেন, ‘নিজ উদ্যোগে নাচ শিখেছি, ফাইট শিখেছি। নিয়মিত জিমে যাচ্ছি। দেশ-বিদেশের ভালো ভালো ছবি দেখার চেষ্টা করি। নিজের ছবিগুলোও দেখি। ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি। চলচ্চিত্র কিন্তু এখন আমার পেশা।’
এখন ইমনের হাতে আছে পদ্মপাতার জল, অন্তরঙ্গ, অসম সমতা, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু আর পায়রা ছবিগুলো। শিগগিরই মুক্তি পাবে নারগিস আকতারের পুত্র এখন পয়সাওয়ালা ও শহীদুল ইসলাম খানের অচেনা হৃদয়।