মুম্বাই টু মানিকগঞ্জ

মুম্বাইতে ‘পরবাসিনী’ ছবির আইটেম গানের শুটিং শেষে গতকাল বুধবার ঢাকায় নামেন চলচ্চিত্র অভিনেতা মামনুন ইমন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে শুটিংয়ের কস্টিউম গুছিয়েই মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি।
ইমন জানিয়েছেন, মানিকগঞ্জে বেশ কয়েক মাস বিরতির পর শুরু হওয়া ‘পদ্মপাতার জল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ‘পদ্মপাতার জল’ ছবিটি পরিচালনা করছেন তন্ময় তানসেন। এ ছবিতে ইমনের সহশিল্পী মিম।

ইমন বলেন, ‘“পরবাসিনী” ছবির শুটিংয়ের জন্য বেশ কয়েক দিন আমাকে ভারতে থাকতে হয়েছে। শুরুর দিকে কলকাতায় কিছু দৃশ্য এবং পরে মুম্বাইতে ছবিটির আইটেম গানের দৃশ্যায়নে অংশ নিই। কলকাতার শুটিংয়ে আমার সহশিল্পী ছিলেন সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিয়া আর মুম্বাইয়ে ছিলেন ২০১২ সালের মিস ইউনিভার্স উর্বশী রৌতেলা। একটানা কাজ করেছি। মহড়া আর শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে। তবে প্রতিটা সময় ছিল এক কথায় অসাধারণ।’
ইমন বলেন, ‘বেশ আয়োজন করেই “পরবাসিনী” ছবির আইটেম গানটি তৈরি করা হয়েছে। ঢাকার সিনেমাপ্রেমী দর্শকেরা অসাধারণ একটি গান উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।’ মুম্বাইয়ের শুটিং সেরেই দ্রুত ঢাকায় ফিরতে হয়েছিল ইমনকে। কারণ, আগে থেকেই শিডিউল দেওয়া ছিল ‘পদ্মপাতার জল’ ছবির শুটিংয়ের।
ইমন আরও বলেন, ‘গত বছর দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শুরুর একটা পর্যায়ে “পদ্মপাতার জল” ছবির কাজ বন্ধ করে দিতে হয়। এরপর অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ার কারণে এই ছবিটির শিডিউল মেলাতে হিমশিম খেতে হয়েছিল। পরে শিল্পীদের সঙ্গে কথা বলে জুন মাসের এই সময়টাকে বেছে নেওয়া হয়। এরই মাঝে গত মাসে আবার হঠাত্ করেই “পরবাসিনী” ছবির শুটিংয়ের জন্য কলকাতা ও মুম্বাইতে যেতে হয়। অনেকটা চাপ হলেও কলকাতা এবং মুম্বাইয়ের কাজ দ্রুত শেষ করে ঢাকায় ফিরে আসি।’ তিনি বলেন, ‘মানিকগঞ্জে “পদ্মপাতার জল” ছবির সেট পড়ায় কোনো ধরনের বিশ্রাম ছাড়াই প্রয়োজনীয় কস্টিউম নিয়ে মানিকগঞ্জে চলে আসতে হয়েছে। অনেক দিন পর “পদ্মপাতার জল” ছবির কাজ শুরু করতে পেরে বেশ ভালো লাগছে।’
