ইমনের সুরে পুলকের প্রথম একক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের শেষ দিকে ক্লোজআপ ওয়ান তারকা পুলক অধিকারীর একটি মিক্সড অ্যালবাম বেরিয়েছিল। অ্যালবামটিতে পুলকের গাওয়া পাথরের মতে ভারী দুঃখ গানটি অনেক শ্রোতার ভারী দুঃখকে হালকা করে দিয়েছিল। সেই ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রায় চার বছর পর আসছে পুলকের প্রথম একক অ্যালবাম। অ্যালবামটি সুফি, ফোক ও আধুনিক ধাঁচের গানের সম্ভার হলে সুফি গানকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে অ্যালবামের নাম রাখা হয়েছে আপন পর। তবে এ নামটা পাল্টেও যেতে পারে। গানগুলোয় সুর ও সংগীত সংযোজন করছেন শওকত আলী ইমন। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এ পর্যন্ত আটটি গানের ভয়েজ দেওয়ার কাজ শেষ হয়েছে। গানের কথাগুলো হচ্ছে—‘আমার দুঃখ আমারই থাক’, ‘বিন্দু বিন্দু বৃষ্টি’, ‘চান্দে করে চুমাচুমি’, ‘দুঃখের সাথে পরকীয়া’, ‘যাও পাখি’, ‘মাওলা’, ‘আলগা করো খোঁপার বাঁধন’ এবং ‘যে দুঃখ আমার অন্তরে’। অ্যালবামটি সম্পর্কে পুলক বলেন, ‘গত চার বছর ধরে ইমন ভাই (শওকত আলী ইমন) অ্যালবামটির কাজ অনেক যত্ন নিয়ে করছেন। এটা আমার অনেক স্বপ্নের একটি অ্যালবাম। পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার কারণে এত দিন অ্যালবামটি প্রকাশিত হয়নি। আশা করছি, এবারের ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’ অ্যালবাম সম্পর্কে শওকত আলী ইমন বলেন, ‘পুলক একজন ভার্সেটাইল গায়ক। আমি অ্যালবামটিতে পুলককে বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ওর কণ্ঠে বিভিন্ন ঘরানার গান স্থান পেয়েছে। তবে একজন শিল্পীর আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। পুলকেরও তেমন আছে। সুফি রক ধাঁচের গান পুলক অসাধারণ গায়। আমি মনে করি, অ্যালবামটির মাধ্যমে দেশের শ্রোতারা একটি নতুন কণ্ঠের সঙ্গে পরিচিত হবেন।’