ইমনের সুরে মুন্নী-তাসিফ
শওকত আলী ইমনের সুর ও সংগীত পরিচালনায় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন দিনাত জাহান মুন্নী ও তাসিফ। শাকিব খান ও জয়া আহসান অভিনীত ছবিটির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। দিনাত জাহান মুন্নী ও তাসিফের গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রের গানের মহরতও অনুষ্ঠিত হয়।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে এ ছবির প্রথম গানটি ধারণ করা হয়। কবির বকুলের লেখা এই গানের শিরোনাম ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’। গানটির সংগীত পরিচালক শওকত আলী ইমন।শওকত আলী ইমন বলেন, ‘দেশীয় চলচ্চিত্রে আসিফ আকবরও কণ্ঠ দিয়েছিলেন আমার সংগীত পরিচালনায়। সে সময় সংগীতপ্রেমী সবাই আসিফের কণ্ঠটাকে দারুণভাবে গ্রহণ করেছেন। এ ছাড়া আমার সুর ও সংগীতে এ পর্যন্ত অনেক প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী চলচ্চিত্রে গান করেছেন। আমার বিশ্বাস, তাঁদেরই মতো তাসিফও চলচ্চিত্রের গানে অনেক ভালো করবেন।’ গান প্রসঙ্গে মুন্নী বলেন, গানের অপূর্ব কথা এবং মিষ্টি সুর দর্শকদের নিশ্চিতভাবে আনন্দ দেবে।‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন। শাকিব খান ও জয়া আহসান ছাড়া এ ছবির অন্য অভিনয়শিল্পীরা হচ্ছেন রাজ্জাক, আনোয়ারা, দিতি, সুব্রত, আরেফিন শুভ, সাজু খাদেম প্রমুখ।