ইমরানের গানে মডেল তানজিন তিশা

এবার ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এই সময়ের আলোচিত মডেল তানজিন তিশা। গত বছরের শুরুতে ইমরান প্রকাশ করেন নিজের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’। সেই অ্যালবামেরই ‘শেষ সূচনা’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে।
সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিও এবং খিলক্ষেতের কিছু লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রাব্বী এম এফ আর।
‘আমি আছি শেষের পথে তুমি সূচনায়, স্মৃতি এসে এক করে দেয় তোমায় আমায়/মেঘ পোড়া রোদ আর রোদে ভেজা মেঘ, ছুঁয়ে ছুঁয়ে যায় আজও আমার আবেগ’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানটি আমার অনেক পছন্দের। প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আসছি। অনেকেই মিউজিক ভিডিওতে গানটি প্রত্যাশা করেছিলেন। সেই ভাবনা থেকেই করা। আমার অন্য সব মিউজিক ভিডিও থেকে এটি আলাদা হয়েছে। আশা করি সবাই পছন্দ করবেন।’
ইমরান আরো বলেন, ‘তানজিন তিশার উপস্থিতি মিউজিক ভিডিওটিকে ভিন্নমাত্রা দিয়েছে। এটির ভিডিওগ্রাফি, কালার, লোকেশন-মুগ্ধ হবার মতো! সবাই দেখলেই সেটা বুঝতে পারবেন।’
তানজিন তিশা বলেন, ‘আমি হাতে গোনা দু’তিনটি গানের মিউজিক ভিডিও করেছি। এই গানটি আমার পছন্দের। তাই কাজটি করেছি। ভিডিওটিতে দর্শকরা আমাকে নতুনভাবে পাবেন। কাজটি করার অভিজ্ঞতাও দারুণ।’
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে ইমরান ও পূজার নতুন মিউজিক ভিডিও ‘কেনো বারে বারে’।