ইমরানের ‘তুমি’
চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরানের নতুন অ্যালবাম আসছে। নাম তুমি। এটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। তিনি জানান, অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই।তুমি অ্যালবামে গান থাকছে ১১টি। এর মধ্যে দুটি গানে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পূজা, আর অন্য দুটিতে ন্যান্সি ও নওমী। একটি বোনাস ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন পূজা ও মিলন।ইমরান জানান, পয়লা বৈশাখ উপলক্ষে তিনি তৈরি করেছেন অ্যালবামটি। বাজারে আসবে ২ এপ্রিল।ইমরান বলেন, ‘১১টি গানের সবগুলোয় কোনো না কোনোভাবে তুমি শব্দটি এসেছে। তাই অ্যালবামের নাম রেখেছি তুমি। গত কয়েক মাস এ গানগুলো তৈরির পেছনে শ্রম দিয়েছি। গানগুলোর মাধ্যমে শ্রোতারা আমার কাছ থেকে নতুন কিছু পাবেন।’তুমি অ্যালবামের গানের কথা লিখেছেন রবিউল ইসলাম, শেখ সুমন এমদাদ ও রিফাত। অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস।ইমরানের প্রথম একক অ্যালবাম স্বপ্নলোকে, এসেছিল ২০১১ সালের ফেব্রুয়ারিতে।