এসপ্তাহে বিলবোর্ড শীর্ষ ১০ রক গানের তালিকায় ‘ইমাজিন ড্রাগনস’-এর দুটো গান অবস্থান করছে। পাঁচ নম্বরে আছে তাদের ‘ইটস টাইম’ ও দশ নম্বরে আছে ‘রেডিওঅ্যাকটিভ’ গানটি। ‘ইটস টাইম’ গানটি ৩৪ সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজ আমরা ‘ইমাজিন ড্রাগনস’ ব্যান্ডটি সম্পর্কে আলোচনা করব। যদিও তাদের ব্যান্ডের বয়স খুবই কম।‘ইমাজিন ড্রাগনস’ লাসভেগাসভিত্তিক চার সদস্যবিশিষ্ট একটি ব্যান্ড, যা ২০০৮ সালে যাত্রা শুরু করে। তাঁরা ২০০৮ সালে যাত্রা শুরু করার পর অনেকগুলো প্রতিযোগিতায় জয়লাভ করেন। বেশির ভাগেরই শিরোনাম ছিল ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস’। এরপর ২০০৯ সালে তাঁরা স্টুডিওতে প্রবেশ করেন। ২০১০ সালে তাঁরা ইমাজিন ড্রাগনস ও হেল অ্যান্ড সাইলেন্স শীর্ষক দুটি ইপি বের করেন। ইপি দুটোই ‘ব্যাটল বর্ন’ স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল। তবে এ সময়ে তাঁরা ততটা পরিচিতি পাওয়া শুরু করেননি। ২০১১ সালের নভেম্বর মাসে তাঁরা একটি নামকরা রেকর্ড লেবেল ‘ইটারস্কোপ রেকর্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এবং প্রখ্যাত প্রযোজক অ্যালেক্স ডা কিডের সঙ্গে কাজ করেন। ওয়েস্টলেক স্টুডিওতে তাঁরা অ্যালেক্সের সঙ্গে কনটিনিউড সাইলেন্স নামক আরেকটি ইপির কাজ করেন। কনটিনিউড সাইলেন্স ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডেতে বের করা হয়। এটি ডিজিটাল অ্যালবাম হিসেবে প্রকাশিত হয় এবং বিলবোর্ড শীর্ষ ২০০-এর তালিকায় ৪০তম স্থান দখল করে। এরপর ‘ইটস টাইম’ গানটি সিসোল হিসেবে ছাড়া হয়, যা এখন বিলবোর্ডের শীর্ষ তালিকায় পঞ্চম স্থান দখল করেছে। গানটির মিউজিক ভিডিও ১৭ এপ্রিল ২০১২ এমটিভিতে প্রচারিত হতে শুরু করে। তার কিছুদিন পরই তাদের এমটিভি পুশ আর্টিস অব ম্যাজিক বলা হয়। ভিডিওটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল সেরা রক ভিডিও বিভাগে। ‘ইটস টাইম’ গানটিকে রিয়া (আরআইএএ) গোল্ড সিঙ্গেল হিসেবে ভূষিত করে ২০১২ সালের অক্টোবর মাসে। ইমাজিন ড্রাগনস স্টুডিও এক্স থেকে তাদের নাইট ভিশনস অ্যালবামটি রেকর্ড করে ও ৪ সেপ্টেম্বর তা বাজারে ছাড়া হয়। তাদের নাইট ভিশনস অ্যালবামটি বিলবোর্ড শীর্ষ ২০০-এর তালিকায় দ্বিতীয় স্থান দখল করে। প্রথম সপ্তাহেই অ্যালবামটির ৮৩ হাজার কপি নিঃশেষ হয়ে যায়। এটাই বিলবোর্ড শীর্ষ তালিকায় ২০০৬ সালের পর কোনো রক ব্যান্ডের অ্যালবামের সাফল্য। ইমাজিন ড্রাগনস ব্যান্ডটি মূলত ইনডি রক ঘরানার। তাদের গানে পাংক, গ্রাঞ্জ, অলটারনেটিভ রকের ভাবও বিদ্যমান। তারা তাদের এই অল্পদিনের যাত্রাতেই অসংখ্য সফল কনসার্ট করে ফেলেছে। এর মধ্যে কয়েকটির টিকিট বিক্রি অনেক আগেই শেষ হয়ে যায়। মনোয়ারুল হক