
পাশাপাশি দাঁড়িয়ে আঁকতে আঁকতে দুজন শিল্পী নিজেদের ভেতর যে কথাগুলো বলেন, চিত্রকর্মে হয়তো সেসবের ছায়া পড়ে না। কিন্তু সেই ছবিগুলোকে পরিকল্পিতভাবে উপস্থাপন করলে সেগুলোর ভেতর ফুটে উঠতে দেখা যায় অন্য রকম স্বর। ছবির সঙ্গে ছবির সে রকমই এক সংলাপের আয়োজন করা হয়েছে রাজধানীর কলাকেন্দ্রের গ্যালারি স্পেসে।
ধরে নিতে হবে, ওই প্রদর্শনীতে কিউরেটিংই প্রধান। একই মাধ্যমের কাজ অথচ ভিন্ন উপস্থাপন ভঙ্গির দুই শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই কাজটি করেছেন দুই কিউরেটর ওয়াকিলুর রহমান এবং কেহকাশা সাবাহ। দুই ধরনের দৃশ্যচিত্রের মধ্যে ডায়ালগ তৈরির চেষ্টার এই প্রদর্শনীর নাম ‘ডেলিবারেট/র্যা ন্ডম’।

১৩ অক্টোবর সন্ধ্যায় শিল্পীদের উদ্যোগে, শিল্পীদের পরিচালিত শিল্পপ্রতিষ্ঠান কলাকেন্দ্রে প্রদর্শনী শুরু হয়েছে। এতে স্থান পেয়েছে ফারজানা রহমান ববি ও পলাশ বরণ বিশ্বাসের মোট ২২টি ছাপচিত্রকর্ম। দুই কিউরেটরের একজন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান বললেন, ‘ছাপচিত্রের এই দুই শিল্পীর দুজনেরই বয়স কাছাকাছি, কাজের মাধ্যম একই, এমনকি তাঁরা ভালো বন্ধু। দুটি ভিন্ন চারুকলা ইনস্টিটিউটে পড়লেও বেশ কিছুদিন একই সঙ্গে কাজ করেছেন কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিওতে। একজনের কাজের ধারা খুবই পরিকল্পিত। অন্যজনের পরীক্ষামূলক। শিল্পের এই দুটি পথই বহুল প্রচলিত। তবে তাঁদের ছবিগুলোর মধ্যে একটি সংলাপ ঘটিয়ে কিউরেটিংয়ে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে।’
ফারজানা রহমান ববি এবং পলাশ বরণ বিশ্বাসের ছাপচিত্রকর্মগুলোকে ডাইমেনশন, মোটিফ, ফ্রেমিংয়ের ওপর ভিত্তি করে এমন করে টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে একটি সংলাপের আবহ সৃষ্টি হয়। এতে একক শিল্পসত্তার চেয়ে যৌথ কিন্তু দৃশ্যত একক ও নতুন এই মাত্রা ধরা পড়বে।
প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুর রহমান, কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর উপদেষ্টা এম এ রহিম ফিরোজ। ইমেজের এই সংলাপ দেখতে যাওয়া যাবে ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত।