ইরফান খানকে অর্ণবের নববর্ষের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়ান চৌধুরী অর্ণব ও ইরফান খান
সায়ান চৌধুরী অর্ণব ও ইরফান খান

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অর্ণব আর ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের দেখা হলো পয়লা বৈশাখের রাতে। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে তাঁদের দেখা হয়। আর এই সাক্ষাতের বিষয়টিকে স্মরণীয় করে রাখতে ইরফান খানকে নিজের আঁকা একটি চিত্রকর্ম উপহার দেন অর্ণব। চিত্রকর্মের নিচে লেখা রয়েছে, ‘ইরফান ভাই, নববর্ষের শুভেচ্ছা ১৪২৩’। অর্ণবের কাছ থেকে এমন একটি উপহার পেয়ে ইরফান অনেক আনন্দিত।

প্রথম আলোর সঙ্গে আলাপে অর্ণব বলেন, ‘সেদিন আমাদের খুব চমৎকার একটা আড্ডা হয়েছে। অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। ইরফান খান সাহেব আমার গান নিয়ে তাঁর ভালো লাগার কথা জানিয়েছেন। পছন্দের অভিনেতার কাছ থেকে এমন প্রশংসাবাক্য শুনে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। এমনটি একটি আয়োজনের জন্য ফারুকী ভাই (মোস্তফা সরয়ার ফারুকী) ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন।’

এদিকে অর্ণবের কাছ থেকে পাওয়া উপহারটির একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন ইরফান খান। তাতে ইরফান লিখেছেন, ‘আমার প্রিয় শিল্পী অর্ণব বৈশাখ উপলক্ষে আমার জন্য এই ছবিটা এঁকেছেন।’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করতে গত ১৬ মার্চ ঢাকায় এসেছিলেন বলিউডের অভিনেতা ইরফান খান। আর ১৬ মার্চ রাতে লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের একপর্যায়ে জানা যায় অর্ণবের গানের প্রতি ইরফান খানের এই ভালো লাগার কথা।


‘ডুব’ ছবিতে ইরফান খানের অংশের দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরের ফ্লাইটে ঢাকাও ছেড়ে গেছেন তিনি। ‘ডুব’ ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, মুসাফির সৈয়দ, কলকাতার পার্নো মিত্র, অশোক ধনুকা প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ‘ডুব’ ছবিটির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন ইরফান খান।