ইরানি চলচ্চিত্র উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী কদর রয়েছে এমন আটটি ইরানি ছবি নিয়ে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হলো ইরানি চলচ্চিত্র উত্সব। পাঁচ দিনের এ উৎসব শুরু হয় গতকাল শনিবার বিকেলে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা ও বেলা ৩টায় অনুষ্ঠিত হবে প্রদর্শনী। ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাতীয় জাদুঘর।
গতকাল বিকেলে ‘ইরানে ইসলামি বিপ্লবের সাংস্কৃতিক মূল্যবোধ’ শীর্ষক আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনাভি ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। প্রবন্ধ পড়েন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোছাইন। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। ইরানি স্কুলের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে একটি নজরুল সংগীত। শেষে ছিল চলচ্চিত্র প্রদর্শনী।

দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আয়োজনে গত শুক্রবার শুরু হয়েছে আলোকচিত্রের উৎ​সব ‘ছবি মেলা’। গতকাল উৎ​সবের দ্বিতীয় দিনে প্রদর্শনী হয় পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে l ছবি: প্রথম আলো
দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আয়োজনে গত শুক্রবার শুরু হয়েছে আলোকচিত্রের উৎ​সব ‘ছবি মেলা’। গতকাল উৎ​সবের দ্বিতীয় দিনে প্রদর্শনী হয় পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে l ছবি: প্রথম আলো

বাংলা ও ইংরেজিতে ডাবিংকৃত ইরানি চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছে উত্সব। আজ রোববার উত্সবের দ্বিতীয় দিনে বেলা ১১টায় প্রদর্শিত হবে দারিবিস্তান ও বেলা ৩টায় দেখানো হবে দ্য কালার অব প্যারাডাইস। প্রবেশমূল্য ছাড়াই দেখা যাবে এসব ছবি।
শেষ হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব
দেশ-বিদেশে সাহিত্যিকদের সরব উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব। গতকাল শেষ দিনের শুরুতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুবাদ সাহিত্য বিষয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধ পড়েন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম। সভাপতিত্ব করেন কবি মুহম্মদ নূরুল হুদা। বেলা তিনটায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সাহিত্য বিষয়ে আলোচনা হয়। প্রবন্ধ পড়েন রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন আলী ইমাম, রফিকুর রশীদ ও লুৎফর রহমান রিটন। সভাপতিত্ব করেন অধ্যাপক হায়াৎ মামুদ। এরপর গ্রন্থমেলার মূলমঞ্চে বাংলা নাট্যসাহিত্য বিষয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধ ছিল সাজেদুল আউয়ালের। আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গের চন্দন সেন ও সুদীপ চক্রবর্তী। সভাপতিত্ব করেন নাসির উদ্দীন ইউসুফ। শেষে ছিল বাংলা ভাষার স্বরচিত কবিতা পাঠ।
শহীদ মিনারে পথনাট্যোৎসব

শহীদ মিনারে পরিবেশিত হলো পথনাটক সিরাজগঞ্জের নাট্যচক্রের নাটক চন্দ্র কথা। ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশন করে দ্য পলিটিক্যাল স্কেচ, নাট্য তীর্থ পরিবেশন করে বিবর্ণ স্বাধীনতা, ঢাকা মঞ্চ পরিবেশন করে কল্প নগর এবং এথিক থিয়েটার পরিবেশন করে পুত্র বরণ।

মুক্তমঞ্চে একুশে নাট্যোৎসব
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে একুশে নাট্যোৎসবে পরিবেশিত হয় নাট্যচক্রের পথনাটক চন্দ্র কথা। ব্যতিক্রম নাট্যদল পরিবেশন করে মঞ্চনাটক ফিরে দেখা।