ইরানের অস্কার বয়কট
২০১৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ৮৫তম অস্কারে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন ইরানের সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ হুসেইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের চলচ্চিত্র নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান।ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাত্কারে হুসেইনি বলেছেন, ‘ইসলামবিদ্বেষী “ইনোসেন্স অব মুসলিমস” ছবিটির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে যেভাবে অপমান করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ জানাতে এবারের অস্কারে অংশ নেওয়া থেকে বিরত থাকব আমরা। ইরানের পক্ষ থেকে আমি এ সিদ্ধান্তের ঘোষণা দিচ্ছি। বিশ্বের অন্যান্য মুসলিম দেশকেও এভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি আমরা।’ হুসেইনি আরও বলেন, ‘ইসলামবিদ্বেষী এ চলচ্চিত্র নির্মিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অস্কার অনুষ্ঠানও হবে সেখানে। বিশ্বের বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এ ছবির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র সরকার। এসব দিক বিবেচনা করে অস্কার বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।’ এবারের অস্কারে ইরানের ‘এ কিউব অব সুগার’ ছবিটি অংশ নেবে বলে নিশ্চিত হয়েছিল। কিন্তু ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সাপেক্ষে এরই মধ্যে অস্কার থেকে ছবিটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৮৪তম অস্কার আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছিল ইরানের চলচ্চিত্র ‘আ সেপারেশন’।