ইলা মজুমদার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতজ্ঞ বারীণ মজুমদারের স্ত্রী ও দেশের বিশিষ্ট ধ্রুপদী সংগীতশিল্পী ইলা মজুমদার আর নেই। গতকাল সোমবার গভীর রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।আজ মঙ্গলবার দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হয়। সেখানে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লিয়াকত আলী লাকী, রামেন্দু মজুমদার, আলী যাকের, ম. হামিদ, শংকর সাঁওজাল, মাহমুদুজ্জামান বাবু, টি ডব্লিউ সৈনিক, কণা, মিলাসহ আরও অনেকে। এ ছাড়া উদীচী শিল্পগোষ্ঠী, ছায়ানট, শিল্পকলা একাডেমী এবং ফ্যাশন হাউস রংসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইলা মজুমদারের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। ইলা মজুমদারের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ রাজধানীর সবুজবাগের মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।ইলা মজুমদারের ছেলে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘মা দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন। তবে গত কয়েক দিন তাঁর শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে ছিল। কিন্তু হঠাত্ করেই গতকাল রাত তিনটার দিকে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ইলা মজুমদারের আরেক সন্তান পার্থ প্রতীম মজুমদার জানান, তাঁর মা ১৯৮১ সাল থেকে প্রায় ২২ বছর ধরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুনিয়র সেকশনে শিক্ষকতা করেছেন। এ ছাড়া তিনি ১৫ বছর ধরে জাতীয় সংগীত মহাবিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষক ছিলেন। গান ও শিক্ষকতার পাশাপাশি ইলা মজুমদার লেখালেখির জগতেও বিচরণ করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর বেশ কিছু লেখা প্রকাশিত হয়। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয় ইলা মজুমদারের। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, স্মৃতিতে শ্রুতিতে বারীণ মজুমদার, দিনগুলি মোর, সংগীতের তত্ত্বকথা। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে একবার গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এর বাইরে আরও একবার তিনি গুণীজন সম্মাননা পেয়েছিলেন। শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৫৮ সালে পেয়েছিলেন স্বর্ণপদকও। এ ছাড়া একবার রত্নগর্ভা মায়ের স্বীকৃতিও পেয়েছিলেন ইলা মজুমদার। মৃত্যুকালে ইলা মজুমদার তিন সন্তান রেখে গেছেন।উল্লেখ্য, ইলা মজুমদার ১৯৪১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন।