ইলিয়াস কাঞ্চনের ‘বাংলার ফাটাকেষ্ট’
বাংলার ফাটাকেষ্ট’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ছবিটির পরিচালক সাজ্জাদুর রহমান (বাদল)। ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সম্প্রতি শান্তিনগরে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, আমির সিরাজী, ছবির পরিচালক, প্রযোজকসহ অনেকে।জানা গেছে, ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবিটি কলকাতার ‘ফাটাকেষ্ট’ ছবির ছায়া অবলম্বনে নির্মিত হবে। কলকাতায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন। প্রথম আলো ডটকমকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এর আগে ভারতে “ফাটাকেষ্ট” নামে দুটি ছবি নির্মিত হয়েছে। ছবিটির গল্প আমার খুব ভালো লেগেছে। “বাংলার ফাটাকেষ্ট” ছবির যে গল্প শুনেছি, তাতে বাংলাদেশে এ ধরনের ছবির খুব প্রয়োজন বলে মনে হয়েছে। আমি নিজেও ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত।’ ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবির গল্প প্রসঙ্গে পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, ‘কলকাতার “ফাটাকেষ্ট” ছবির আদলে এ ছবির কাহিনি নির্মিত হয়েছে। তবে তা অবশ্যই বাংলাদেশের আবহে। কাহিনিতে দেখা যাবে, মাস্তান ফাটাকেষ্ট সমাজের গরীব-দুঃখীদের বন্ধু। নানা কাহিনির মধ্য দিয়ে একসময় সে একুশ দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়। এই সময়ের মধ্যে সে চেষ্টা করে সমাজের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এবং জঞ্জালমুক্ত দেশ গড়তে। আশা করছি, ছবিটি দর্শকদের হূদয় জয় করতে সক্ষম হবে।” ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবিতে আরও অভিনয় করবেন প্রবীর মিত্র, নবাগত সিমি, কাবিলা, আমির সিরাজীসহ একঝাঁক নতুন তারকা ।উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন সর্বশেষ ‘জটিল প্রেম’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এতে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পী ছিলেন চম্পা।