ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় আহত
উত্তরায় নিজের বাসায় ফেরার পথে ১৪ ডিসেম্বর শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি এখন বাড়িতে বিশ্রামে আছেন।শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইলিয়াস কাঞ্চনকে বহনকারী গাড়িটির পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে কোমরে আঘাত পান তিনি। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ইলিয়াস কাঞ্চন জানান, ‘গতকাল রাত ১১টার দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার গাড়িটির পেছনে একটি ট্রাক জোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় কোমরে সামান্য আঘাত পেয়েছি আমি।’প্রসঙ্গত, ১৯৮৮ সালে ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁর প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন। নিজের জীবনের মর্মান্তিক অভিজ্ঞতা এবং স্ত্রীকে হারানোর বেদনা তাঁকে উদ্বুদ্ধ করে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গঠিত সংগঠনটি শুরু থেকেই দেশের সর্বস্তরের মানুষের সমর্থন পায়। প্রতিষ্ঠার ১৯ বছরের মধ্যে জনকল্যাণমুখী সংগঠন হিসেবে ব্যাপক কর্মতত্পরতার কারণে ‘নিরাপদ সড়ক চাই’ এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম। প্রতিবছর সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস, জনমত সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে যাচ্ছে ‘নিরাপদ সড়ক চাই’।