ইলুলিয়ার থাকার ব্যবস্থা করলেন সালমান

বিগহার্ট লাভার বয়’ সালমান খানের টানে নিজ দেশ ছেড়ে ভারতে এসেছেন রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুর। কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন স্বর্ণকেশী এ সুন্দরী। সম্প্রতি এক খবরে ‘মিড-ডে’ জানিয়েছে, বান্দ্রার কার্টার রোডের একটি অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেছেন সালমান।
মুম্বাইয়ের গ্যালাক্সি হাইটস অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে বসবাস করতেন সালমান। মাস তিনেক আগে অ্যাপার্টমেন্টটির সংস্কারকাজ শুরু হওয়ার পর বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে থাকা শুরু করেন সালমান। সম্প্রতি তিনি একই অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেছেন।
এখন পর্যন্ত বেশ কয়েকজন সহ-অভিনেত্রী ও বিদেশিনির প্রেমে মজে খবরের শিরোনাম হয়েছেন সালমান খান। তাঁর প্রেমিকার দীর্ঘ তালিকায় সর্বশেষ সংযোজন রোমানিয়ার প্রতিষ্ঠিত টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চুর।
বরাবরই সালমান তাঁর প্রেমিকাদের নানা সুযোগ-সুবিধা দিয়ে এসেছেন। প্রভাবশালী এ তারকার হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত এক বাড়িতে ক্যাটরিনার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন খান সাহেব। আর এবার নিজের বাড়িতেই ইলুলিয়ার থাকার ব্যবস্থা করলেন তিনি।
বছর দুয়েক আগে একবার বিদেশ সফরে গিয়ে সালমানের সাক্ষাত্ হয়েছিল ইলুলিয়ার সঙ্গে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইলুলিয়ার সঙ্গে এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান। তবে যথেষ্ট গোপনীয়তা মেনে চলায় তাঁদের সেই অভিসারের খবর খুব কম মানুষই জানত। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের তকমা হটিয়ে রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান—গত মে মাসের শুরুর দিকে এমন খবরে হইচই পড়ে যায় চারদিকে।
সালমান তাঁর নতুন এ প্রেমিকাকে নিয়ে বেশ সিরিয়াস। গোয়ায় ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের সময় তাঁকে সঙ্গ দেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটান। এ ছাড়া, সম্প্রতি একই ছবির শুটিংয়ের কাজে হায়দরাবাদ শহরে গিয়েছিলেন সালমান। তখন তাঁর সঙ্গে ছিলেন ইলুলিয়া। বিমান থেকে নেমে শুরুতে তাঁরা একসঙ্গেই হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আলোকচিত্রীরা তাঁদের ছবি তোলার চেষ্টা করলে বিমানবন্দর থেকে আলাদাভাবে বের হওয়ার সিদ্ধান্ত নেন সালমান। তিনি তাঁর জন্য অপেক্ষমাণ বিলাসবহুল গাড়িতে করে ইলুলিয়াকে স্থানীয় একটি হোটেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে তিনি ভাড়া করা ট্যাক্সি নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
ইলুলিয়া প্রসঙ্গে সালমান মুখ না খুললেও তাঁর সঙ্গ যে ইলুলিয়া দারুণ উপভোগ করছেন তার প্রমাণ পাওয়া যায় গত মে মাসের শেষের দিকে। তখন বেতনের চার হাজার ইউরোর মায়া ত্যাগ করে দুই মাসের অবৈতনিক ছুটি চেয়ে রোমানিয়ার প্রো টিভি চ্যানেল বরাবর দরখাস্ত পাঠিয়েছিলেন ইলুলিয়া। তাঁকে টিভি তারকা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত করবেন বলেও কথা দিয়েছেন সালমান।
সব মিলিয়ে সালমান-ইলুলিয়া প্রেম বেশ ভালোই জমে উঠেছে। তাঁদের এই প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় কি না, তা জানার জন্য সময় আর সালমানের মর্জির ওপর নির্ভর করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই সালমান-ভক্তদের।