
সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল দেশ নাটক-এর চলতি প্রযোজনা অরক্ষিতা । মাহবুব লিলেনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ইশরাত নিশাত। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন
অরক্ষিতা নাটকটি আমাদের মঞ্চে কতটুকু প্রাসঙ্গিক মনে করেন?
মূলত নাটকটি মহাভারত থেকে নেওয়া। কিন্তু গল্প আমাদের কালকে কিছুটা হলেও স্পর্শ করে। নাটকটির গল্পে মহাভারত থেকে বের হইনি আমরা। তবে গল্পে কোথাও যেন আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক সংকট ধরা দেয়।
কত দিন ধরে নাটকটি নিয়ে কাজ করেছেন?
নাটকটি মঞ্চে ওঠার আগে প্রায় সাত মাস মহড়া করেছি। পাণ্ডুলিপিটি পড়া থেকে শুরু করে মহড়া চলাকালীন অন্তত ৩০-৩২ বার কাটাছেঁড়া করতে হয়েছে। গল্পটি নিজের মতো করে আনতে কোনো ছাড় দেওয়া হয়নি।
এ নাটকটি মঞ্চে আনার আগ্রহ হলো কেন?
এ সময়ের জন্য নাটকটির প্রাসঙ্গিকতা আছে। তা ছাড়া দেশ নাটকের জন্য একটা নতুন কাজও অত্যন্ত জরুরি ছিল। তবে নাটকটি মঞ্চে আনার পরিকল্পনার ক্ষেত্রে এর লেখক মাহবুব লিলেনের ভূমিকা সবচেয়ে বেশি। তাঁর আগ্রহ বেশি ছিল। তাঁর উৎসাহের কারণেই আমি নাটকটি নিয়ে কাজ করেছি।
আপনি এখন আর অভিনয় করেন না কেন?
আমি মঞ্চে অভিনয় করব না, কিংবা করব, এটা বিষয় না। আমি মূলত পুরো থিয়েটার নিয়ে কাজ করতে চাই। একসময় অভিনয় করতাম, এখন করি না। এখন নতুন যাঁরা আসছেন, তাঁদের জায়গা দিতে হবে। তা ছাড়া দলে যেকোনো কাজই থিয়েটার করার মধ্যে পড়ে। এখন আলোক পরিকল্পনা, মঞ্চ ডিজাইন আবার নির্দেশনা—অনেক কিছুই তো করছি।
আপনি তো অনেক নাটকেই আলোক পরিকল্পনার কাজ করেন। আমাদের নাটকে আলোর পরিকল্পনা কতটুকু এগিয়েছে?
আমরা কম প্রযুক্তি দিয়েও থিয়েটারে আলোক পরিকল্পনার ক্ষেত্রে বেশি এগিয়েছি। উন্নত বিশ্বে থিয়েটারে আলোর কাজের সঙ্গে আমরা সমানতালে কাজ করে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়েছে। আমরা প্রযুক্তির চেয়ে শিল্পভাবনানির্ভর কাজ করছি। সেই আবেগটা আমাদের বেশি তাড়িত করে। আমরা শৈল্পিকভাবে কাজটি ফুটিয়ে তুলতে পারি।