নাম তাঁর ইশানা। অভিনেত্রী, মডেল হিসেবেই সবাই তাঁকে জানেন, চেনেন। কিন্তু এ পরিচয়েই কি তাঁর এগিয়ে চলার কথা ছিল?না। বড় বোন একটা বড় করপোরেট হাউসে চাকরি করতেন, ইশানাও পড়ালেখা শেষ করে তাই-ই করবেন—এমনটিই ভাবতেন পরিবারের গুরুজনেরা। তবে তাঁর কোনো কাজের বেলায় পরিবার থেকে বিধিনিষেধও ছিল না। যা ভালো লাগবে, পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে তাই-ই করবেন—এমনটিই ছিল বেড়ে ওঠার দিনগুলো। মা গান গাইতে পারেন, একসময় মঞ্চনাটক করতেন। খালারাও ভালো গান করেন। নানা ছিলেন বংশীবাদক। সব মিলে নানাবাড়িতে ছিল সাংস্কৃতিক আবহ।তাই মা চাইতেন, ইশানা গান শিখুক। কিন্তু ইশানা ও পথে না গিয়ে ছোটবেলা থেকেই নাচের দীক্ষা নিতে শুরু করেন। একটা সময় তা-ও থেমে যায়। তখন শুধু পড়ালেখা আর পড়ালেখা।‘বিশ্বাস করেন, আমি নিজেও কিন্তু ভাবিনি অভিনয় করব, মডেলিং করব। তবে আমার মা মাঝেমধ্যে চাইতেন, আমি মিডিয়াতে কিছু করি। কিন্তু বরাবরই আমি অনাগ্রহের কথা বলতাম,’ বললেন ইশানা।তাহলে কীভাবে কী হলো?‘বলছি, তা-ও লম্বা ব্যাপার। তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছি। তাঁর আগের বছর ওই কলেজ থেকেই মিম লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন। কলেজের বন্ধুবান্ধবীরা প্রায়ই আমাকে অংশ নেওয়ার কথা বলতেন। কিন্তু আমি গুরুত্ব দিতাম না। পরের বছর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার জন্য বিভিন্ন চ্যানেলে পত্রিকায় বিজ্ঞাপন দেয়।’তারপর?‘তারপর আমি কিছুই জানি না। আমার মা আর খালাতো ভাই আমাকে না জানিয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার নাম নিবন্ধন করেন। একদিন আমার খালাতো ভাই আমাকে এসে বললেন, “তোর নাম নিবন্ধন হয়ে গেছে। দেখবি, তোর নামে চিঠি আসবে।” আমি তো অবাক! এভাবেই শুরু হলো,’ টানা বলে গেলেন তিনি।লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ দশের দ্বিতীয় স্থানের মুকুট মাথায় পরলেন ইশানা। ‘প্রতিযোগিতার শুরু থেকেই আমি কিন্তু প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হব—এমন চিন্তা নিয়ে অংশ নিইনি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব—এভাবেই প্রতিযোগিতার ধাপগুলো পার করেছি।’প্রতিযোগিতায় সুপারস্টার হিসেবে দ্বিতীয় হওয়ার ক্ষণটার অনুভূতি কেমন ছিল? ফাঁকে এ প্রশ্নটাও করি। শুনেই তাঁর চোখমুখ ঝলমলে হয়ে উঠল।‘সত্যিই এ অনুভূতি অন্য রকমের। এ ধরনের বিজয়ে অনেকে আনন্দ প্রকাশের ভাষাই পায় না,’ বলেন ইশানা।লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় নেওয়ার এক মাসের মাথায় ডাক এল অভিনয়ের। তন্ময় তানসেনের ফিরিয়ে দিলাম পৃথিবী নামের একটা টেলিছবিতে অভিনয় করলেন। প্রথম অভিনয়, তা-ও আবার মানসিক প্রতিবন্ধী চরিত্রে। নাটকটি প্রচার হলো। সবখান থেকেই প্রশংসা। কেউ কেউ আবার নাটকটি দেখে কেঁদেছেনও।কী বলেন ইশানা?‘প্রথম অভিনয়। একটু তো ভয় ছিলই। তা-ও আবার মানসিক প্রতিবন্ধী চরিত্র। তবে আমি কাজটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। তন্ময় তানসেন আমাকে সেই চ্যালেঞ্জ পার করতে সহযোগিতা করেছেন। এখনো আমি টেলিছবিটির অভিনয়ের প্রশংসা পাই।’ইশানা এরপর করেন দীপকংর দীপনের মোকামতলা নাটকটি। সেখানেও প্রশংসা। আর পেছনে ফিরতে হয়নি। একে একে করেন সকাল আহমেদের সীমানা পেরিয়ে, অম্লান বিশ্বাসের নো প্রবলেমসহ একাধিক ধারাবাহিক। পাশাপাশি বিজ্ঞাপন তো আছেই।একসময় ডাক পড়ে সিনেমাপাড়া থেকে। অনিকেত আলমের শেষ নায়ক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বলা হয়। প্রস্তুতিও নেন ইশানা।‘ওই সময় আমার বেশ কিছু বিজ্ঞাপন প্রচার চলছিল। অনিকেত আলম তাঁর চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। গল্প শুনে আমিও রাজি হই। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে আর কাজ করা হয়নি।’কেন?‘ছবিটির শুটিংই আর হয়নি। বিষয়টি ছবিটির পরিচালক, প্রযোজক জানেন। পরে আরও তিনটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। জায়গাটা অনেক বড়। আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রে এখনই আমি প্রস্তুত না। সময় নিতে চাই।’এর মধ্যে অভিনয়ে প্রায় নয় মাস বিরতি নেন ইশানা। ‘সময়টাতে পড়ালেখার একটু চাপ বেশি ছিল। তবে ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনের কাজ করেছি। এখন আবার নিয়মিত কাজ করছি।’কী কী কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে, জানতে চাইলে ইশানা বলেন, ‘গত এক মাসে ঈদের জন্য অনেকগুলো এক ঘণ্টার কাজ করেছি। দি ফায়ার ফ্লাই, দুই বোন, শেষ রাতের সৃষ্টি, চন্ডাল, আইফোন, কেমনে ভুলিবো তারে, মায়াবীনি বিহারীনি, ম্যাজিক প্রভৃতি। এ ছাড়া সামনে করব ময়না দি, অস্তাচলে দিবাকর নামের দুটি এক ঘণ্টার কাজ। প্রচার চলছে ক্ষণিকালয়, সীমাবব্ধ মানুষেরা ও লংকাকাণ্ড —তিনটি ধারাবাহিক।’শেষমেশ কোন পথে হাঁটবেন? অভিনয় নাকি মডেলিং?‘মডেলিংটা আমার কাছে খুবই পছন্দের একটা কাজ। তবে এখন অভিনয়টা বেশি করছি। শেষ পর্যন্ত অভিনয়টাই ভালো করে রপ্ত করতে চাই।’