ইসলামি সংস্কৃতির রাজধানী ঢাকা
ঢাকাকে ২০১২ সালের জন্য এশীয় অঞ্চলের ইসলামি সংস্কৃতির রাজধানী ঘোষণা উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় একাডেমীর সেমিনার কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। ‘মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী: তাঁর সমাজচিন্তা ও সাহিত্যকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কুলসুম এ বাশার মজুমদার এবং উর্দু বিভাগের প্রভাষক জি মাওলা। সেমিনার সঞ্চালনা করেন কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমেদ।সেমিনারের শুরুতে সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী ছিলেন এক তুলনাহীন পণ্ডিত। উপমহাদেশের মুসলিম বিদ্যাচর্চার পথিকৃৎপ্রতিম ব্যক্তিত্ব। এ অঞ্চলে রেনেসাঁ সংঘটনের অন্যতম সূত্রধর মাওলানা ওবায়দুল্লাহ ছিলেন একাধারে কবি-পণ্ডিত-প্রাচ্যবিদ্যাবিদ, অনুবাদক ও দার্শনিক। তিনি বলেন, ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দীকে নিয়ে গবেষণাকর্মে বাংলা একাডেমী সব ধরনের সহায়তা দেবে।প্রাবন্ধিক মোহাম্মদ ইব্রাহীম বলেন, ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর সমাজচিন্তা ও সাহিত্যকৃতির মৌলভিত্তি ছিল মানবতাবাদ। ইসলামের মূল মর্মবাণীও তাই। একজন সংবাদপত্রসেবী হিসেবেও মাওলানা ওবায়দুল্লাহ পথিকৃতের আসনে অধিষ্ঠিত আছেন। উনিশ শতকের শেষ দিকে ‘দূরবীণ’ নামের ফারসি সাপ্তাহিক সম্পাদনা তাঁর সাংবাদিক সত্তারই পরিচয় বহন করে। ধর্মতত্ত্ব বিষয়ে তাঁর দখল ছিল প্রায় সর্বতোগামী।সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দীন আহমেদ বলেন, ‘ইসলামের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের দিকে তাকালে আমরা দেখব, কোনো গোঁড়ামি-অন্ধতার স্থান সেখানে নেই। বৃহত্তর মানব প্রগতির দিকে মুসলিম চিন্তকেরা সব সময় আহ্বান করেছেন সবাইকে।’