ইয়াসমিন মুশতারীর একক সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ নজরুলের এ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ইয়াসমিন মুশতারীর একক সংগীতসন্ধ্যা। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক সুজেয় শ্যাম, শিল্পী শবনম মুশতারী, সাদিয়া আফরিন মল্লিক, শাকিলা জাফর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পী নজরুল, শাস্ত্রীয় সংগীত, দেশাত্মবোধক ও পুরোনো দিনের বাংলা গান পরিবেশন করে শ্রোতাদের প্রায় দুই ঘণ্টা মুগ্ধ করে রাখেন। গানগুলোর মধ্যে ছিল ‘দেশ নয় শুধু দেশের আকাশ নদী বন প্রান্তর’, ‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘গুলবাগিচার বুলবুলি আমি’, ‘একটা গান লিখ আমার জন্য’ ইত্যাদি।